ঢাকা রোববার, ০২ আগস্ট ২০২৬ 

পাকিস্তান-শাসিত কাশ্মীরে দমন-পীড়ন তীব্র

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত: ০০:০৪, ২ আগস্ট ২০২৬

শেয়ার

পাকিস্তান-শাসিত কাশ্মীরে দমন-পীড়ন তীব্র

পাকিস্তান-শাসিত জম্মু ও কাশ্মীরে (পিএজেকে) সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে অন্তত ৪৫ জন নিহত হওয়ার দাবি উঠেছে। আন্দোলনকারীদের অভিযোগ, গণবিক্ষোভ ছড়িয়ে পড়ার আগেই তা দমন করতে ইসলামাবাদ ব্যাপক বলপ্রয়োগ করেছে। তবে এ বিষয়ে পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, ৫ জুন থেকে ২৭ জুলাইয়ের মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ ও নিরাপত্তা বাহিনীর অভিযানে এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে ২৭ জুলাই রাওয়ালাকোট অভিমুখে হাজারো নিরস্ত্র বিক্ষোভকারীর মিছিলে গুলি চালানো হলে অন্তত ২১ জন নিহত হন। পরদিন রাওয়ালাকোট, মিরপুরসহ বিভিন্ন এলাকায় আরও ১৪ জন নিহত হন। এছাড়া ২৯ জুলাই আরও দুই বিক্ষোভকারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, ৫ জুন থেকে পুরো অঞ্চলে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে এবং মোবাইল ফোন নেটওয়ার্কও কার্যত অচল রয়েছে। মানবাধিকারকর্মীদের দাবি, এ ধরনের যোগাযোগ বিচ্ছিন্নতা অতীতেও নিরাপত্তা অভিযানের সময় দেখা গেছে, যা তথ্যপ্রবাহ সীমিত করার উদ্দেশ্যে করা হয়।

বিশ্লেষকদের মতে, বর্তমান আন্দোলনটি ২০২৩ সাল থেকে চলমান গণআন্দোলনের তৃতীয় বড় ধাপ। এর আগে অনুষ্ঠিত দুটি আন্দোলনের পর সরকারকে কিছু অর্থনৈতিক সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হতে হয়েছিল। বিক্ষোভকারীদের দাবির মুখে বিদ্যুৎ ও অন্যান্য ইউটিলিটি খাতে ভর্তুকি পুনর্বহাল এবং অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে বেড়ে যাওয়া বিল কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছিল।

সাম্প্রতিক পরিস্থিতিতে অঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে। মানবাধিকার সংস্থাগুলো বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। অন্যদিকে পাকিস্তান কর্তৃপক্ষের অবস্থান ও ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ এখনও স্পষ্টভাবে প্রকাশিত হয়নি।

novelonlite28
umchltd