ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ 

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ‘পাঁচসালা পরিকল্পনা’

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত: ০০:৪২, ২৭ আগস্ট ২০২৬

শেয়ার

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ‘পাঁচসালা পরিকল্পনা’

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর উন্নয়ন কৌশলকে চীনের সর্বশেষ পাঁচসালা পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বেইজিং সমন্বিত ও লক্ষ্যভিত্তিক প্রচারণা চালিয়েছে বলে এক বিশ্লেষণী প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাংক অ্যালায়েন্স ফিউচার্স ইনিশিয়েটিভের (টাফি) সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চীনা কূটনীতিকদের তৎপরতার ধরন দেখে ধারণা করা যায়, এই প্রচারণার পেছনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল।

‘চায়নাস মডেল অন দ্য অফেন্সিভ: হোয়াই চায়নাস ফাইভ-ইয়ার প্ল্যান প্রমোশন ইন দ্য প্যাসিফিক ম্যাটার্স’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যেসব নয়টি দেশে চীনের দূতাবাস রয়েছে, তার আটটিতেই রাষ্ট্রদূত বা মিশনপ্রধান স্থানীয় সংবাদমাধ্যমে নিবন্ধ প্রকাশ করে চীনের সর্বশেষ পাঁচসালা পরিকল্পনার সুফল তুলে ধরেছেন।

চীনের সর্বশেষ পাঁচসালা পরিকল্পনাটি গত বছরের শেষ দিকে প্রস্তাব করা হয় এবং চলতি বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। টাফি অক্টোবর ২০২৫ থেকে চীনা দূতাবাসগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করে এ ধরনের ৩০টিরও বেশি প্রচারণামূলক কর্মকাণ্ডের সন্ধান পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চীন আন্তর্জাতিক অঙ্গনে পাঁচসালা পরিকল্পনাকে শুধু একটি অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিকল্পনা হিসেবে উপস্থাপন করছে না। বরং এটিকে বৈশ্বিক উন্নয়ন ও সহযোগিতার জন্য একটি ‘নির্ভরযোগ্য ও বৈজ্ঞানিক নকশা’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

এই প্রচারণা শুধু সংবাদপত্রে নিবন্ধ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। চীনা কূটনীতিকরা বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন এবং উন্মুক্ত ও রুদ্ধদ্বার কূটনৈতিক ব্রিফিংয়ের আয়োজন করেছেন।

ভানুয়াতুতে চীনের রাষ্ট্রদূত লি মিংগাং দেশটির ওমবাডসম্যান হামিলসন বুলুর সঙ্গে বৈঠকে চীনের সরকারি প্রশাসন ও তদারকি ব্যবস্থার প্রশংসা করেন। একইভাবে নাওয়েরুতে চীনের রাষ্ট্রদূত লিউ জিন প্রধান বিচারপতি জে উদিতের সঙ্গে বিচারিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

বকের মতে, ওমবাডসম্যান যেখানে সরকারের কার্যক্রম তদারকি করেন এবং বিচার বিভাগ সরকারের ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ তৈরি করে, সেখানে এসব প্রতিষ্ঠানের সঙ্গে চীনের সহযোগিতা প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রশাসনিক কাঠামোতেও চীনা মডেলের স্বাভাবিকীকরণ ঘটাতে পারে।

টাফি বলছে, চীনা রাষ্ট্রদূতরা প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর কাছে পাঁচসালা পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যের সুবিধা তুলে ধরতে মূলত তিনটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন—সবুজ উন্নয়ন, অর্থনৈতিক উন্মুক্ততা এবং অভিন্ন সমৃদ্ধি।

ফিজি, ফেডারেটেড স্টেটস অব মাইক্রোনেশিয়া ও টোঙ্গায় চীনা দূতাবাসগুলো পরিবেশবান্ধব উন্নয়নের ওপর জোর দিয়েছে। এসব প্রচারণায় দাবি করা হয়েছে, বিশ্বের নতুন সবুজায়নের এক-চতুর্থাংশে চীনের অবদান রয়েছে এবং দেশটি বিশ্বের সবচেয়ে বড় পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা গড়ে তুলেছে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ ইস্যু হওয়ায় স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এই বার্তা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফিজি ও পাপুয়া নিউগিনিতে চীনা দূতাবাসের প্রচারণায় বাণিজ্যিক সুরক্ষাবাদ ও একতরফাবাদের বিরোধিতা করা হয়েছে। সেখানে চীনকে উন্মুক্ত বাণিজ্য ও বিদেশি বিনিয়োগের পক্ষে একটি স্থিতিশীল অংশীদার হিসেবে তুলে ধরা হয়। অন্যদিকে, চীনের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং মানুষের আয় বৃদ্ধির বিষয়ও প্রচারণায় গুরুত্ব পেয়েছে। 

টাফি-এর মতে, এসব বিষয় বেছে নেওয়া কোনো কাকতালীয় ঘটনা নয়। প্রতিটি বার্তাই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বৃহত্তর কৌশলগত লক্ষ্য পূরণে ভূমিকা রাখছে—একদিকে গভীর সহযোগিতার প্রস্তাব, অন্যদিকে পশ্চিমা দেশগুলোর বিকল্প হিসেবে চীনকে উপস্থাপন এবং একই সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির রাজনৈতিক মডেলকে গ্রহণযোগ্য করে তোলা।

প্রতিবেদনটি বলছে, রাষ্ট্রদূতদের বক্তব্যের সময়, ঘনত্ব ও বিষয়বস্তুর মধ্যে যে উল্লেখযোগ্য মিল রয়েছে, তা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় নির্দেশনার সম্ভাবনার দিকে ইঙ্গিত করে। তবে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট রাষ্ট্রদূতদের নিজস্ব কূটনৈতিক ধরন অনুযায়ী প্রচারণার তীব্রতা ও বক্তব্যের ধরনে কিছু পার্থক্যও দেখা গেছে।

সামগ্রিকভাবে, টাফি-এর বিশ্লেষণ অনুযায়ী, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোতে চীন সরাসরি চাপ প্রয়োগের পরিবর্তে উন্নয়ন মডেল, অর্থনৈতিক সহযোগিতা ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে দীর্ঘমেয়াদি প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এর মাধ্যমে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের প্রভাবের বিপরীতে চীন নিজেকে আরও স্থিতিশীল ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

novelonlite28
umchltd