ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২৬ 

ট্রাম্পকে হাসিদিক রাব্বির চিঠি

‘নেতানিয়াহু ইহুদি জনগোষ্ঠীর প্রতিনিধি নন’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২০, ২৮ নভেম্বর ২০২৬

শেয়ার

‘নেতানিয়াহু ইহুদি জনগোষ্ঠীর প্রতিনিধি নন’
ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশ্বের ইহুদি জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্যাটমার হাসিদিক সম্প্রদায়ের প্রধান রাব্বি অ্যারন টেইটেলবাম। প্রায় তিন মাস আগে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় ব্যক্তিগতভাবে তার হাতে একটি চিঠি তুলে দিয়েছিলেন তিনি। সম্প্রতি প্রকাশিত ওই চিঠিতে যুক্তরাষ্ট্রের ইহুদি নাগরিকদের সঙ্গে ইসরায়েল রাষ্ট্রের রাজনৈতিক পরিচয়কে আলাদা করে দেখার আহ্বান জানিয়েছেন এই ধর্মীয় নেতা।

নিউইয়র্কভিত্তিক ইহুদি ধর্মীয় আন্দোলন স্যাটমারের দুটি শাখার একটির নেতৃত্ব দেন টেইটেলবাম। তিনি ট্রাম্পকে লিখেছেন, শুধু ইহুদি ধর্মাবলম্বী হওয়ার কারণে ইসরায়েল বা নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ইহুদিদের প্রতিনিধিত্ব করতে পারে না। তারা যুক্তরাষ্ট্রের ইহুদি এবং একই সঙ্গে মার্কিন নাগরিক।

গত ৩ সেপ্টেম্বর ট্রাম্পের হাতে দেওয়া চিঠিতে তিনি লেখেন, ‘শুধু ইহুদি হওয়ার কারণে ইসরায়েল বা নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ইহুদিদের প্রতিনিধিত্ব করে না। আমরা যুক্তরাষ্ট্রের ইহুদি এবং মার্কিন নাগরিক। আমাদের ধর্মবিশ্বাস আমাদের কোনো বিদেশি রাজনৈতিক জাতির সদস্য করে না। ধর্মের কারণে কোনো বিদেশি সরকারও মার্কিন নাগরিকদের হয়ে কথা বলার অধিকার পায় না।’

টেইটেলবাম স্পষ্ট করেন, ট্রাম্পের কাছে তিনি নিজের ধর্মীয় বিশ্বাস, ইহুদিবাদবিরোধী অবস্থান কিংবা ইসরায়েল নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো নির্দিষ্ট নীতি গ্রহণের দাবি জানাচ্ছেন না। তবে ইহুদি জাতীয়তাবাদকে তারা প্রত্যাখ্যান করেন বলে উল্লেখ করেন।

চিঠিতে তিনি লেখেন, ‘আমরা ইহুদি জাতীয়তাবাদ প্রত্যাখ্যান করি। আমাদের দৃষ্টিতে, ইহুদিদের মধ্যে বন্ধন তৈরি করে শুধু ইহুদি ধর্ম ও তাওরাত কোনো অভিন্ন রাজনৈতিক নাগরিকত্ব বা জাতীয় আনুগত্য নয়। আমরা ইহুদিদের কোনো রাজনৈতিক জাতি হিসেবে দেখি না, বিশেষ করে এমন কোনো জাতি হিসেবে নয়, যার রাষ্ট্র ইসরায়েল।’

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ২০১৮ সালে পাস হওয়া ‘জাতিরাষ্ট্র আইন’-এরও সমালোচনা করেন এই রাব্বি। ওই আইনে ইসরায়েলকে ইহুদি জনগোষ্ঠীর জাতিরাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। একই সঙ্গে বিশ্ব জায়নিস্ট সংস্থার দেওয়া জায়নবাদ বা জিওনিজমের সংজ্ঞাও প্রত্যাখ্যান করেন তিনি। সংস্থাটি জায়নবাদকে ইহুদি জনগোষ্ঠীর জাতীয় মুক্তি আন্দোলন হিসেবে বর্ণনা করে।

টেইটেলবামের যুক্তি, ইসরায়েলের নাগরিকদের ইচ্ছা অনুযায়ী দেশটি নিজেদের রাষ্ট্রীয় পরিচয় নির্ধারণ করতে পারে। কিন্তু বিশ্বের অন্য দেশগুলোতে বসবাসকারী ইহুদিদের জাতীয় বা রাজনৈতিক পরিচয় নির্ধারণের কোনো অধিকার ইসরায়েলের নেই।

ব্রিটিশ ম্যান্ডেট শাসনামলে জায়নবাদবিরোধী অর্থোডক্স ইহুদি সম্প্রদায়কে পৃথক ধর্মীয় গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টার কথাও চিঠিতে উল্লেখ করেন তিনি। টেইটেলবাম লেখেন, ‘আমরা চাই, একই নীতি আজও সম্মান করা হোক। জায়নবাদী ও জায়নবাদবিরোধী ইহুদিদের অবস্থান আলাদা এবং কোনো পক্ষই অন্য পক্ষের হয়ে কথা বলতে পারে না।’

ইসরায়েল সরকারের সঙ্গে বিশ্বের ইহুদিদের সম্পর্কের তুলনা করতে গিয়ে তিনি ওই ভূখণ্ডে অতীতে শাসন করা ব্রিটিশ, উসমানীয় ও মামলুক কর্তৃপক্ষের প্রসঙ্গও টানেন। তার বক্তব্য, ইসরায়েলের ভূমির ধর্মীয় পবিত্রতা সেখানে ইহুদি সার্বভৌমত্বকে কোনো ধর্মীয় মর্যাদা দেয় না।

এ প্রসঙ্গে স্যাটমার হাসিদিক আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং তার আত্মীয় রাব্বি জোয়েল টেইটেলবামের বক্তব্যও তুলে ধরেন তিনি। হলোকাস্টের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জায়নবাদীরা ইহুদি জনগোষ্ঠীর প্রতিনিধি নন, এ বিষয়টি স্পষ্ট করা ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করতেন জোয়েল।

টেইটেলবামের মতে, ইসরায়েলের যুদ্ধ, সীমান্ত, সামরিক নীতি ও পররাষ্ট্রনীতি শুধু ইহুদি পরিচয়ের কারণে যুক্তরাষ্ট্রের ইহুদিদের অবস্থান বা স্বার্থের প্রতিনিধিত্ব করে না। তার অনুসারীদের সঙ্গে ইসরায়েলের রাজনৈতিক সম্পর্ক জাপান, উগান্ডা কিংবা অন্য যে কোনো বিদেশি দেশের সঙ্গে সম্পর্কের চেয়ে আলাদা নয়। বরং অনেক ক্ষেত্রে ইসরায়েলের কর্মকাণ্ড ইহুদি ধর্মীয় শিক্ষার সঙ্গেও সাংঘর্ষিক বলে দাবি করেন তিনি।

চিঠিতে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ইহুদিদের সঙ্গে ইসরায়েলকে এক করে দেখলে তাদের বিরুদ্ধে ‘দ্বৈত আনুগত্যের’ ইহুদিবিদ্বেষী অভিযোগ আরও জোরালো হয়। যুক্তরাষ্ট্রের প্রশাসনের কাছে জায়নবাদী সংগঠনগুলো জায়নবাদবিরোধী ইহুদিদের প্রতিনিধিত্ব করতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাম্পকে এসব সম্প্রদায়ের সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানিয়ে টেইটেলবাম বলেন, যুক্তরাষ্ট্রই তাদের রাজনৈতিক আবাসভূমি।

ইহুদি নববর্ষ রোশ হাশানার আগে হোয়াইট হাউসে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছিল। এতে স্যাটমার নেতাদের অংশগ্রহণ নিয়ে যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থি মহলে সমালোচনা দেখা দেয়। বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ট্রাম্পের ইহুদি জামাতা জ্যারেড কুশনারও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎটি স্যাটমার আন্দোলনের দুই প্রতিদ্বন্দ্বী নেতা অ্যারন টেইটেলবাম ও তার ভাই রাব্বি জালমান লেইব টেইটেলবামের মধ্যে বিরল পুনর্মিলনের উপলক্ষও তৈরি করে। আন্দোলনের নেতৃত্বের উত্তরাধিকার নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দূরত্ব ছিল। বৈঠকে দুই ভাই করমর্দন করেন।

ধর্মীয় নেতাদের প্রতিনিধিদলের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পাশাপাশি অ্যারন টেইটেলবাম আলাদাভাবে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রায় ১০ মিনিট কথা বলেন। এ সময় তিনি রাষ্ট্রপ্রধানদের জন্য প্রচলিত ইহুদি আশীর্বাদও পাঠ করেন।

সূত্র : ওয়াইনেট

novelonlite28
umchltd