এলএনজি আমদানিতে সরকারের ভর্তুকির চাপ ক্রমেই বাড়ছে। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে এ খাতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে সরকারকে। বিপুল এই আর্থিক চাপ কমাতে নতুন করে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
তাদের মতে, আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির পরিবর্তে দেশীয় নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোই হতে পারে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার কার্যকর পথ।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই’ প্রতিপাদ্যে ২৮ থেকে ৩০ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ালেই জ্বালানি সংকটের সমাধান হবে না। উৎপাদন, সঞ্চালন ও বিতরণ,জ্বালানি ব্যবস্থার প্রতিটি পর্যায়ে দক্ষতা বাড়াতে হবে। এলএনজি আমদানিতে ভর্তুকি দিতে গিয়ে রাষ্ট্রের ওপর বিপুল আর্থিক চাপ তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানো জরুরি।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থের মাধ্যমে গ্রামের মানুষ ৬ শতাংশ সুদে ১২ বছরে পরিশোধযোগ্য ঋণ নিয়ে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবেন। সরকারি ও বাণিজ্যিক ভবনের ছাদ ছাড়াও উপযুক্ত কৃষিজমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে। নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় জ্বালানিব্যবস্থার মূল ধারায় নিয়ে আসতে হবে।
সম্মেলনে স্বাগত বক্তব্যে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়নবিষয়ক কর্মজোটের (বিডব্লিউজিইডি) সদস্যসচিব হাসান মেহেদী বলেন, দেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা বর্তমান নীতিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও অনেক বেশি। এই সম্ভাবনা কাজে লাগাতে বড় বড় বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা কমিয়ে সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদনে যুক্ত করতে হবে।
তিনি বলেন, সুন্দরবনের হিরণ পয়েন্ট ও মোংলার মতো পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় নতুন করে পাঁচটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এ ধরনের পরিকল্পনা গ্রহণযোগ্য নয়। এক কার্গো এলএনজি আমদানিতে যে বিপুল অর্থ ব্যয় হয়, সেই অর্থ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করা গেলে দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি খাতে সুফল পাওয়া সম্ভব। বিদ্যুতের চাহিদা মেটাতে নতুন করে জীবাশ্ম জ্বালানির আমদানি বাড়ানোর পরিবর্তে দেশীয় নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে হবে।
হাসান মেহেদী আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবস্থাপনায় যুক্ত করা প্রয়োজন। বিকেন্দ্রীভূত ও জনগণের মালিকানাভিত্তিক বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা গেলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ খাতে মানুষের অংশগ্রহণও বাড়বে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশীয় ও আন্তর্জাতিক লবির প্রভাবে জীবাশ্ম জ্বালানি দেশের জ্বালানি খাতে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এ আধিপত্য ভাঙতে হলে নবায়নযোগ্য জ্বালানিকে কেবল বিকল্প হিসেবে দেখলে চলবে না, বরং জাতীয় জ্বালানিব্যবস্থার অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন লইয়ার্স ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (লিড) প্রধান নির্বাহী আবদুল্লাহ আল নোমান, এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ বাংলাদেশের নির্বাহী পরিচালক আবিল বিন আমিন, সেন্টার ফর রিনিউএবল এনার্জি সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ চৌধুরী, সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মীনা, সিটি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ আশানুর রহমান এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ।
আরও পড়ুন:









