হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি ও সামুদ্রিক বাণিজ্যে বিঘ্নের আশঙ্কার মধ্যে বিকল্প যোগাযোগ ও পণ্য পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগী হয়েছে উপসাগরীয় ছয় দেশ। এ লক্ষ্যে ১ হাজার ৭৬৮ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। কুয়েত থেকে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত হয়ে ওমান পর্যন্ত বিস্তৃত এই রেল নেটওয়ার্কের সঙ্গে সেতুর মাধ্যমে যুক্ত হবে বাহরাইনও। প্রকল্পটি বাস্তবায়িত হলে আঞ্চলিক বাণিজ্য ও যাত্রী পরিবহনে নতুন পথ তৈরি হওয়ার পাশাপাশি হরমুজ প্রণালিনির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হয়। বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের অন্যতম প্রধান রুটটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার পর উপসাগরীয় দেশগুলো বিকল্প সরবরাহ ও বাণিজ্যপথ তৈরির তৎপরতা জোরদার করে। এর ফলে দীর্ঘদিনের পরিকল্পিত উপসাগরীয় রেল প্রকল্প নতুন করে গুরুত্ব পেয়েছে।
প্রকল্পটির কাজ এখন পর্যন্ত ৫৫ দশমিক ৯২ শতাংশ সম্পন্ন হয়েছে। ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে এটি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০০৯ সালের ডিসেম্বরে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সর্বোচ্চ পরিষদ প্রকল্পটি অনুমোদন করে। পরে ২০২১ সালের ডিসেম্বরে গঠন করা হয় উপসাগরীয় রেলওয়ে কর্তৃপক্ষ, যার তত্ত্বাবধানে প্রকল্পের কাজ এগোচ্ছে। রেলপথটির মৌলিক অবকাঠামো নির্মাণে আনুমানিক ১৫ দশমিক ৪ থেকে ১৬ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।
পরিকল্পনা অনুযায়ী, কুয়েত থেকে সৌদি আরবের দাম্মাম পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে। সেখান থেকে কাতার ও সংযুক্ত আরব আমিরাত হয়ে ওমানের রাজধানী মাসকাট পর্যন্ত যাবে এই নেটওয়ার্ক। ওমানের সোহর শহরও যুক্ত হবে রুটে। পাশাপাশি একটি সেতুর মাধ্যমে সৌদি আরবের সঙ্গে বাহরাইনের সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে।
ছয় দেশে রেলপথটির দৈর্ঘ্য হবে ভিন্ন ভিন্ন। সৌদি আরবে ৬৭২ কিলোমিটার, সংযুক্ত আরব আমিরাতে ৪৬১ কিলোমিটার, ওমানে ৩৩০ কিলোমিটার, কাতারে ১৪১ কিলোমিটার, কুয়েতে ১১১ কিলোমিটার এবং বাহরাইনে ৫৩ কিলোমিটার। ইউরোপীয় সংকেতব্যবস্থায় পরিচালিত যাত্রীবাহী ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার গতিতে চলতে পারবে। মালবাহী ট্রেনের গতি হবে ঘণ্টায় ৮০ থেকে ১২০ কিলোমিটার।
প্রকল্পের লক্ষ্য অনুযায়ী, ২০৩০ সাল নাগাদ এই রেল নেটওয়ার্কে বছরে ৬০ লাখ যাত্রী এবং ২০ কোটি টন পণ্য পরিবহন করা সম্ভব হবে। ২০৪৫ সালের মধ্যে যাত্রী পরিবহনের পরিমাণ ৮০ লাখ ছাড়ানো এবং পণ্য পরিবহন ২৭ কোটি ১০ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
কুয়েতের অর্থনীতিবিদ নাদের আল-ওবায়েদ আনাদোলু এজেন্সিকে বলেন, এই রেলপথ সামুদ্রিক বাণিজ্যপথের ওপর চাপ কমাবে এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে যোগাযোগ, সরবরাহব্যবস্থা ও অর্থনৈতিক সমন্বয় বাড়াবে। একই সঙ্গে শিল্প, পর্যটন ও বিভিন্ন সেবাখাতের বিকাশে ভূমিকা রাখবে।
তার মতে, প্রকল্পটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে এই অঞ্চলে বিনিয়োগে আকৃষ্ট করতে পারে এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগ তৈরি করবে। ভবিষ্যতে আঞ্চলিক স্থিতিশীলতা ফিরলে ইরাক ও ইরানের বাজারে প্রবেশের পথও সহজ হতে পারে। এতে খাদ্যনিরাপত্তা জোরদার এবং অর্থনীতির আয়ের উৎস বহুমুখী করার সুযোগ তৈরি হবে।
তবে প্রকল্প বাস্তবায়নে বেশ কিছু বাধা রয়েছে। অর্থায়ন, পরিচালনার অভিন্ন মানদণ্ড নির্ধারণ এবং আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। জ্বালানি ও অর্থনীতি বিশেষজ্ঞ নিহাদ ইসমাইল আনাদোলুকে বলেন, প্রকল্পের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাত নিরসনের ওপর।
তিনি বলেন, হরমুজ প্রণালিকে পাশ কাটিয়ে বিকল্প পথ তৈরির উদ্যোগকে তেহরান অঞ্চলে ইরানের ভূমিকা দুর্বল করার প্রচেষ্টা হিসেবে দেখতে পারে।
এ কারণে উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে সমঝোতার পথে এগোনোর পরামর্শ দিয়েছেন ইসমাইল। তার মতে, ইরানের নেতাদের সঙ্গে আলোচনা এবং আঞ্চলিক অবকাঠামো প্রকল্পে দেশটিকে যুক্ত করার উপায় খুঁজে বের করা প্রয়োজন।
সূত্র : আনাদোলু এজেন্সি
আরও পড়ুন:









