ভারতের পাঁচটি রাজ্যে বসবাসকারী ভারতীয় নাগরিক এবং দীর্ঘমেয়াদে অবস্থানরত বিদেশিদের জন্য বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করতে নতুন ভিসা প্রসেসিং সার্ভিস সেন্টার নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আউটসোর্সড সার্ভিস প্রোভাইডার হিসেবে ‘সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেস’ (এসজিজিএস)-কে এই দায়িত্ব দেয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানটি কলকাতা ও শিলিগুড়িতে তাদের নতুন ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু করবে।
কারা আবেদন করতে পারবেন: নতুন ব্যবস্থার অধীনে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়-এই পাঁচটি রাজ্যে বসবাসকারী ভারতীয় নাগরিকরা ভিসার আবেদন করতে পারবেন। পাশাপাশি এসব রাজ্যে দীর্ঘমেয়াদে অবস্থানরত বিদেশি নাগরিকরাও এই কেন্দ্রগুলোর মাধ্যমে বাংলাদেশের ভিসার আবেদন জমা দেয়ার সুযোগ পাবেন।
নতুন ভিসা কেন্দ্রের ঠিকানা:
কলকাতা: সিমসিস টাওয়ার্স, প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি অ্যান্ড জিপি, সেক্টর ফাইভ, সল্টলেক, কলকাতা-৭০০০৯১।
শিলিগুড়ি: সিটি মল (প্রথম তলা), সেবক রোড, শিলিগুড়ি, দার্জিলিং-৭৩৪০০১।
বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট পাঁচ রাজ্যের ভিসা আবেদনকারীদের আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই কেন্দ্রগুলোর মাধ্যমে আবেদন জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, এতদিন পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিল বেসরকারি সংস্থা ‘ডিইউ ডিজিটাল’। কলকাতার সল্টলেক ও শিলিগুড়ির কেন্দ্র থেকে আবেদনপত্র সংগ্রহের পর তা উপ-হাইকমিশনে পাঠানো হতো এবং প্রক্রিয়াকরণ শেষে সেখান থেকেই ভিসাসহ পাসপোর্ট সংগ্রহ করতেন আবেদনকারীরা। চলতি মাসের ৩০ নভেম্বর সংস্থাটির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
সংশ্লিষ্টদের আশা, নতুন প্রতিষ্ঠানের হাতে দায়িত্ব হস্তান্তরের ফলে ভিসা আবেদন প্রক্রিয়ায় গতি আসবে এবং সেবাপ্রার্থীরা আরও উন্নত পরিষেবা পাবেন।
আরও পড়ুন:









