বিনিয়োগ বাড়াতে নানা উদ্যোগ ও নীতিগত পদক্ষেপের কথা বলা হলেও বাস্তবে বাড়ছে না বেসরকারি বিনিয়োগ। নতুন শিল্প স্থাপন ও বিদ্যমান কারখানার সম্প্রসারণে উদ্যোক্তাদের অনাগ্রহের প্রতিফলন দেখা যাচ্ছে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এ ধরনের যন্ত্রপাতি আমদানি কমেছে ২২ কোটি ৩২ লাখ ডলার যা আগের বছরের চেয়ে ২২ দশমিক ৫ শতাংশ কম।
অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থার সংকট ও জ্বালানি অনিশ্চয়তা কাটাতে না পারলে পরিস্থিতির উন্নতি কঠিন।
শিল্পায়ন ও কর্মসংস্থানের প্রধান শর্ত নতুন বিনিয়োগ। আর নতুন কারখানা স্থাপন কিংবা উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রয়োজন মূলধনী যন্ত্রপাতি। কিন্তু সেই আমদানিতেই দেখা যাচ্ছে বড় ধরনের নিম্নমুখী প্রবণতা।
চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ব্যয় হয়েছে ৭৬ কোটি ৯৩ লাখ ডলার। আগের অর্থবছরের একইসময়ে যার পরিমাণ ছিল ৯৯ কোটি ২৫ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে আমদানি কমেছে ২২ দশমিক ৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকটের প্রভাবেই মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানির এলসি কমেছে। জানান, অর্থনীতির স্থবিরতা কাটাতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন কর্মসূচি নিয়েছে।
শুধু মূলধনী যন্ত্রপাতি আমদানিই নয়, বেসরকারি খাতের বিনিয়োগ পরিস্থিতিও খুব একটা আশাব্যঞ্জক নয়। ডিসিসিআইয়ের সাবেক সভাপতি আশরাফ আহমেদ বলছেন, বিনিয়োগের পরিবেশ নিশ্চিত না হলে নতুন কারখানা স্থাপন কিংবা বিদ্যমান শিল্পের সম্প্রসারণ কঠিন হয়ে পড়বে।
গবেষণা সংস্থা পিআরআই চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার বলছেন, মূলধনী যন্ত্রপাতির এলসি খোলা ও নিষ্পত্তি কমে যাওয়া অর্থনীতির গতি ও বিনিয়োগকারীদের আস্থার দুর্বলতারও প্রতিফলন।
বিনিয়োগের ধীরগতি দীর্ঘায়িত হলে শিল্প উৎপাদন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:









