ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ 

এস্তোনিয়াকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৪, ২৪ নভেম্বর ২০২৬

শেয়ার

এস্তোনিয়াকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার

প্রতিবেশী বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার বিরুদ্ধে একাধিক ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, এস্তোনিয়ার উসকানিমূলক কর্মকাণ্ড দুই দেশকে প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয়। খবর আলজাজিরার।

রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের বিষয়ে এস্তোনিয়ার পরিকল্পনা ঘোষণা এবং বাল্টিক সাগরে রুশ জাহাজে ইউক্রেনের হামলার পর এমন হুঁশিয়ারি দিল মস্কো।

সীমান্ত বন্ধের সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মারেক উহতেগিকে তলব করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এস্তোনিয়ার কূটনীতিককে আবারও জানানো হয়েছে, এ ধরনের উসকানিমূলক ও অত্যন্ত বিপজ্জনক কর্মকাণ্ড রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ শুরুর পরিস্থিতি তৈরি করছে। এস্তোনিয়ার বিরুদ্ধে রুশবিদ্বেষী মনোভাব প্রদর্শনের অভিযোগও আনা হয়েছে।

মস্কোর আরও অভিযোগ, রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে হামলা চালাতে ইউক্রেনীয় ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের প্রচ্ছন্ন অনুমতি দিচ্ছে এস্তোনিয়া। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে তাল্লিন।

এ ছাড়া বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়ার চেষ্টা, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহন নিষিদ্ধ করা, রুশ ভাষা নিষিদ্ধের চেষ্টা এবং রুশ অর্থোডক্স গির্জা বন্ধের হুমকি দেওয়ার অভিযোগও তুলেছে মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় স্বার্থ ও নাগরিকদের বৈধ অধিকার রক্ষায় ব্যাপক রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে রাশিয়া।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, লিবিয়ার বেনগাজি বন্দরে রাশিয়ার দুটি জাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

হামলার এ ঘটনায় ইউক্রেনকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে মস্কো। একই সঙ্গে এসব হামলার জবাবে ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ক্রেমলিন।

উল্লেখ্য, এস্তোনিয়া পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য।

novelonlite28
umchltd