ইন্দোনেশিয়ার নৌবাহিনী উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমায় ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটবোঝাই একটি কার্গো জাহাজ জব্দ করেছে। চীন থেকে বাংলাদেশগামী ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটিতে থাকা ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে এই রাসায়নিক পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তাদের দাবি, জব্দ করা রাসায়নিক দিয়ে সম্ভাব্যভাবে ১০০টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব।
ইন্দোনেশিয়ার সম্প্রচারমাধ্যম টিভিওয়ান নিউজের প্রতিবেদনে বলা হয়, গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমায় কমোরোসের পতাকাবাহী জাহাজটি আটক করা হয়। জাহাজটিতে ১৫টি কনটেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের পাশাপাশি লাখ লাখ খালি ৪জি এলটিই সিম কার্ডও ছিল। অভিযানের সময় জাহাজটির ৩৬টি কনটেইনারই জব্দ করা হয় বলে জানিয়েছে আন্তারা নিউজ।
ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, সুমাত্রায় চোরাচালানের দুটি চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম অভিযানটি চালানো হয় ৭ নভেম্বর। এ সময় বেলাওয়ান জলসীমায় এমভি স্টার লাইন জাহাজটি আটক করা হয়। অন্যদিকে, ৫ নভেম্বর আচেহ তামিয়াংয়ের কুয়ালা রাজা মুদা উপকূলে মাদক চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে দেন লোকসেউমাওয়ে নৌঘাঁটির সদস্যরা। ওই অভিযানে ২০ দশমিক ০৭ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন উদ্ধার করা হয়। কর্মকর্তারা একটি বস্তার ভেতরে চীনা টি-ব্যাগে মোড়ানো মাদকের ২০টি প্যাকেট পান।
ইন্দোনেশীয় সংবাদমাধ্যম কুম্পারান নিউজ ও এএফইউ জানিয়েছে, চীন থেকে বাংলাদেশগামী কার্গো জাহাজটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়। এ সময় কনটেইনারে বিপুল পরিমাণ রাসায়নিক পাওয়া গেলে জাহাজটি জব্দ করে নৌবাহিনী।
ইন্দোনেশীয় নৌবহরের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল দেনিহ হেন্দ্রাতা বলেন, সামুদ্রিক নজরদারি জোরদার ও সামুদ্রিক অপরাধ দমনে বিভিন্ন সংস্থার সম্মিলিত প্রচেষ্টার ফলেই অভিযান দুটি সফল হয়েছে।
গত ২০ নভেম্বর এক সংবাদ সম্মেলনে দেশটির নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড কোডেরাল-১-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা বলেন, এমভি স্টার লাইন জাহাজটি চীন থেকে বাংলাদেশের দিকে যাচ্ছিল। জ্বালানি নেওয়ার জন্য এটি বেলাওয়ান জলসীমায় থেমেছিল। জাহাজটির বেশ কয়েকটি প্রশাসনিক নথির মেয়াদ ২০২৬ সালের ৮ অক্টোবর শেষ হয়ে গিয়েছিল। এসব নথির বৈধতাও স্থগিত করা হয়েছিল। বিপজ্জনক রাসায়নিক পরিবহনের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে জাহাজটির ক্যাপ্টেন ও নাবিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডেনি সেপ্টিয়ানা জানান, সোডিয়াম পারক্লোরেট একটি জারক রাসায়নিক। অন্যান্য পদার্থের সঙ্গে মিশিয়ে এটি রকেটের জ্বালানি বা প্রপেল্যান্ট এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা যায়। প্রায় চার টন সোডিয়াম পারক্লোরেট দিয়ে একটি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। সেই হিসাবে ৪০৫ টন রাসায়নিক দিয়ে সম্ভাব্যভাবে ১০০টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র তৈরি করা যেতে পারে।
তিনি বলেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে অভিযানটি চালানো হয়েছে। রাসায়নিকগুলো যথাযথভাবে ব্যবস্থাপনা করা না হলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। তবে জাহাজে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এখনো তদন্তাধীন। জিজ্ঞাসাবাদ করা ব্যক্তিদের কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
আরও পড়ুন:









