বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত।
রবিবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, আজ রবিবার রাত ৩টার পর ডাকসুর জনপ্রিয় ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।
তিনি বলেন, এ হামলা কাপুরুষোচিত। অবশ্যই অতি দ্রুত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
তিনি আরও বলেন, একটার পর একটা পতিত ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতাই এর জন্য প্রধানত দায়ী। এ বিষয়ে সরকার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত হিসেবে চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব বসে থাকার কোনও সুযোগ নেই।
এর আগে রোববার রাত সাড়ে ৩টার দিকে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে দাবি করে সাদিক কায়েম লিখেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ তার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছে। ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা ছিলেন।
ডাকসু ভিপি বলেন, “সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল। আল্লাহর অশেষ রহমতে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় নেভানো সম্ভব হয়।”
খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু বলেন, “রাত ৩টার পরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সারা দেশের মতো এখানেও অগ্নিসংযোগের চেষ্টা করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
“ঘরের দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করেছে। তবে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।”
আরও পড়ুন:









