ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ 

হুয়াং ফিরতেই শেয়ারবাজারে ঝড়, এনভিডিয়ার মূল্য বাড়ল লাখ কোটি ডলার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:১০, ২৪ নভেম্বর ২০২৬

শেয়ার

হুয়াং ফিরতেই শেয়ারবাজারে ঝড়, এনভিডিয়ার মূল্য বাড়ল লাখ কোটি ডলার
ছবি : সংগৃহীত

প্রায় দুই সপ্তাহের নাটকীয় বিরতির পর আবারও এনভিডিয়ার নেতৃত্বে ফিরেছেন সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। আর তার ফেরার খবরেই যেন ঘুরে দাঁড়িয়েছে প্রযুক্তি খাতের শেয়ারবাজার।

সোমবার (২৩ নভেম্বর) লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম ৩১ শতাংশের বেশি বেড়েছে। এতে কোম্পানিটির বাজারমূল্য এক দিনেই বেড়েছে প্রায় ১ লাখ কোটি ডলার, যা মোট মূল্যকে ৪ লাখ কোটি ডলারের কাছাকাছি নিয়ে গেছে। হুয়াংয়ের প্রত্যাবর্তনের প্রভাব ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রযুক্তি কোম্পানির শেয়ারেও। খবর বিবিসি ও রয়টার্সের।

ব্যক্তিগত জীবন ঘিরে বিতর্কের জেরে পদত্যাগের প্রায় দুই সপ্তাহের মাথায় সোমবার হুয়াংকে পুনরায় প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেয় এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। এর আগে এক চীনা ব্যবসায়ীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হয়। ওই নারীকে চীনা গুপ্তচর বলে সন্দেহ করা হলেও বিষয়টি এখনো তদন্তাধীন। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর নজরদারিও বাড়ে।

এনভিডিয়ার এই সিদ্ধান্তের প্রভাব পড়ে পুরো প্রযুক্তি খাতের শেয়ারবাজারে। সোমবার প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ। এসঅ্যান্ডপি ৫০০ সূচকও বেড়েছে ৪ দশমিক ৭৫ শতাংশ।

এদিন অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ারেও বড় উত্থান দেখা যায়। মাইক্রনের শেয়ার বেড়েছে ১৯ শতাংশ, এএমডির প্রায় ৭ শতাংশ এবং টেসলার ১১ দশমিক ৫ শতাংশ। অ্যামাজনের শেয়ার বেড়েছে প্রায় সাড়ে ৩ শতাংশ। অ্যাপল ও মাইক্রোসফটের শেয়ারেও ইতিবাচক প্রবণতা ছিল।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, ধারাবাহিক আলোচনা ও বৈঠকের পর সর্বসম্মতিক্রমে হুয়াংকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, তাকে ফিরিয়ে আনতে বোর্ডকে রাজি করিয়েছেন তিনি।

তবে এই প্রত্যাবর্তন নিয়ে বিতর্ক থামেনি। মার্কিন আইনপ্রণেতারা জাতীয় নিরাপত্তা, চীনে প্রযুক্তিপণ্য রপ্তানি এবং কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত নিয়ে জবাবদিহি দাবি করেছেন। হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং সংশ্লিষ্ট তদন্তও এখনো চলমান।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির চিপ সরবরাহে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এনভিডিয়ার। ফলে হুয়াংয়ের প্রত্যাবর্তন শুধু কোম্পানিটির শেয়ারেই নয়, পুরো প্রযুক্তি খাতের বিনিয়োগকারীদের মনোভাবেও বড় প্রভাব ফেলেছে।

সূত্র: বিবিসি

novelonlite28
umchltd