ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ 

ইসরায়েলের প্রেসিডেন্ট

ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ঈশ্বরের ওপর আঘাত’ বললেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০, ২৪ নভেম্বর ২০২৬

শেয়ার

ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ঈশ্বরের ওপর আঘাত’ বললেন
ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইহুদি উগ্রপন্থি বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এ ধরনের সহিংসতাকে তিনি ‘ঈশ্বরের ওপর আঘাত’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের অভিযোগ, সরকার ‘ইহুদি সন্ত্রাসবাদ’ দেখেও না দেখার ভান করছে।

সোমবার (২৩ নভেম্বর) জেরুজালেমে অনুষ্ঠিত ইএলএনইটি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে হারজগ বলেন, পশ্চিম তীরসহ যেকোনো স্থানে নিরীহ মানুষ ও জনপদের ওপর ইহুদি উগ্রপন্থিদের সহিংসতার কোনো গ্রহণযোগ্যতা নেই। এ ধরনের কর্মকাণ্ড ঘৃণ্য এবং এর কঠোর নিন্দা জানানো উচিত।

তিনি আরও বলেন, এ সহিংসতা শুধু মানুষের ওপরই আঘাত নয়, বরং নৈতিকতা, ইহুদি জনগোষ্ঠীর ইতিহাস এবং স্বয়ং ঈশ্বরের ওপরও আঘাত। এসব কর্মকাণ্ড কোনোভাবেই ইসরায়েলের প্রতিনিধিত্ব করে না।

গত শনিবার রাতে রামাল্লার কাছাকাছি ফিলিস্তিনি গ্রামগুলোতে উগ্রপন্থি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে এক ডজন গাড়ি ও বেশ কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতেই হারজগের এ বক্তব্য আসে।

এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ছে। যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশ এসব ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে। অন্যদিকে, সহিংস বসতি স্থাপনকারীদের সমর্থনকারীদের লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।

সম্মেলনে উপস্থিত বিদেশি কূটনীতিক ও আইনপ্রণেতাদের উদ্দেশে হারজগ বলেন, এ নৈতিক কলঙ্ক দূর করতে ইসরায়েলের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো কাজ করছে। সহিংসতায় জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার, তদন্ত ও আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

novelonlite28
umchltd