ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশটির বর্তমান সরকারের মধ্যকার বিষয়। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।
বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
বার্তা সংস্থা রয়টার্স সম্প্রতি জানিয়েছে, ভারতে দুই বছরের বেশি সময়ের নির্বাসন শেষে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ জন্য পাসপোর্টের মতো ভ্রমণসংক্রান্ত নথি এবং রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফেরার ব্যবস্থা করার অনুরোধও জানিয়েছেন তিনি। তবে বাংলাদেশ সরকার বলেছে, ভারত কেবল প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাকে ফেরত পাঠাতে পারে।
রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধটি আমাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়া (প্রচলিত নিয়ম) অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। তবে ভ্রমণ নথিসহ স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণ অনুরোধ থেকে পৃথক বিষয়।
তিনি আরও বলেন, ‘এটি শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়।’
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরপরই বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ বিষয়ে দেশের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, প্রত্যর্পণ ছাড়া হাসিনার দেশে ফেরার সুযোগ নেই। অর্থাৎ স্বেচ্ছায় দেশে ফেরার পথ কার্যত বন্ধ।
হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী মঙ্গলবার জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার।
২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি ভারতে অবস্থান করছেন। ওই দিন ছাত্র-জনতার নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান তিনি। এর মধ্য দিয়ে তার ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। তথ্যসূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া
আরও পড়ুন:









