ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেছেন, সরকারি হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবার উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যাতে গ্রামের সাধারণ মানুষকে সেবা নিতে শহরে যেতে না হয়। চিকিৎসকরাও যাতে কর্মস্থলে থেকেই সেবা দিতে পারেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১২তলার আবাসিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এমপি বলেছেন, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যাতে বিনামূল্যে ও স্বল্প খরচে মানসম্মত স্বাস্থ্যসেবা পেতে পারেন। সে লক্ষ্যে সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। আমরা চাই, চিকিৎসার জন্য এলাকার মানুষকে যেন দূর-দূরান্তে ছুটতে না হয়। এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য খাতের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা সারাদেশের ন্যায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে দ্রুতই ১৫১ শয্যায় উন্নীত করা হবে।
বিগত সময়ে চিকিৎসকরা কর্মস্থলে না থেকে ঢাকা যাতায়াত করে দায়িত্ব পালন করেছেন। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে। আবাসিক ভবন হলে কোনো অজুহাত না দিয়ে কর্মস্থলে থেকেই কাজ করতে হবে। ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না।
বুধবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন সড়ক উন্নয়ন, ড্রেন নির্মাণ ও স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন।
এর আগে এমপি, নবাবগঞ্জ উপজেলার চূড়াইন ইউনিয়নের মুসলিমহাটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। এরপর আগলা ইউনিয়নের কালুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের ডিভাইডার স্থাপন কার্যক্রমে অংশ নেন।
পরবর্তীকালে উপজেলার বান্দুরা ইউনিয়নের মাঝিরকান্দায় ড্রেন নির্মাণকাজের উদ্বোধন শেষে দোহারের চরলটাখোলায় সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তিগত উদ্যোগে রোগীদের জন্য অতিরিক্ত বেডসেট হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন খন্দকার, দোহারের ইউএনও মাইদুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রবিউল ইসলাম, নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এদিকে দোহারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাশেম বেপারি, সেন্টু ভূঁইয়া, হায়দার আলী হিরু, নারী নেত্রী শম্পা আক্তার, ছাত্রদলের নেতা সৌমিক ভূঁইয়া, মেহেদী হাসান ও সবুজ আলী প্রমুখ।
আরও পড়ুন:









