স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন (ইসি) এবং সরকারের সঙ্গে অনুষ্ঠেয় দুই সংলাপেই এককভাবে অংশ নেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে নিয়ে যৌথভাবে সংলাপে বসতে চায় দলটি। এ লক্ষ্যে ইসির কাছে জোটের জন্য পৃথক সময় বরাদ্দ চেয়ে আবেদন করার সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
তিনি বলেন, সংলাপে অংশগ্রহণের বিষয়ে জামায়াতের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। ১১ দলীয় ঐক্যের কোনো দল আলাদাভাবে নয়, বরং সবাই একসঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসতে চায়। এ বিষয়ে ইতোমধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে জানানো হয়েছে। আনুষ্ঠানিকভাবেও বিষয়টি জানানো হবে।
হামিদুর রহমান আজাদ আরও বলেন, শুক্রবারের বৈঠকে ১১ দলের পক্ষ থেকে একসঙ্গে সংলাপে অংশ নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা ১১ দলের পক্ষ থেকে একটি আবেদন করব, যাতে নির্বাচন কমিশন আলাদা একটি সময় ১১ দলের জন্য বরাদ্দ করে সে অনুযায়ী সংলাপের আয়োজন করে। এ ব্যাপারে বৈঠকে ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে।
জাতীয় সংলাপেও একই অবস্থান থাকবে জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ভিত্তিতে জাতীয় সংলাপে অংশ নিতে চায় ১১ দলীয় ঐক্য। এ সংলাপেও দলগুলো পৃথকভাবে নয়, সম্মিলিতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন:









