ঢাকা রোববার, ২২ নভেম্বর ২০২৬ 

প্রয়োজনে আ.লীগ নিষিদ্ধ করে সংবিধান সংশোধন: মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৫, ২১ নভেম্বর ২০২৬

শেয়ার

প্রয়োজনে আ.লীগ নিষিদ্ধ করে সংবিধান সংশোধন: মীর শাহে আলম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রয়োজনে নিষিদ্ধ করে সংবিধান সংশোধন করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, নতুন করে ভাববার সময় এসেছে। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার এবং বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেটা করবে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদের নামে নামকরণ এবং উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

গোপালগঞ্জ ইস্যুতে প্রতিমন্ত্রী এ সময় বলেন, একটি জেলার মানুষ যদি মনে করে তাদের ওখানে থানার প্রয়োজন নাই, সরকার ওখানে থানা রাখবে না। একটা জেলার মানুষ যদি মনে করে সরকারি অফিস, আদালত এবং উন্নয়ন ওই জেলায় প্রয়োজন নাই, বর্তমান সরকার সেখানে সেটা করবে না। এটা জনগণের ওপর নির্ভর করে যে তারা কী চাচ্ছে।

তিনি আরও বলেন, সারা দেশের জনগণের কাছে এটা প্রমাণিত হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকার তাদের নিষিদ্ধ করেছিল। এই সিদ্ধান্ত যে সঠিক ছিল, যৌক্তিক ছিল, আজ জাতির সামনে এটি প্রমাণিত হয়েছে।

স্টেডিয়াম উদ্বোধন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, এই অঞ্চলের মানুষের জন্য আন্তর্জাতিক পর্যায়ের স্টেডিয়ামের প্রয়োজন রয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে ইতোমধ্যে স্টেডিয়ামকে সংস্কার করবার জন্য ৫৪ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর বাইরেও যা যা করার প্রয়োজন আমরা করব।

তিনি আরও বলেন, শুধুমাত্র বৃহত্তর রংপুর অঞ্চলের সমস্ত জেলার উন্নয়নের জন্যে সাড়ে ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায়। শুধু রংপুর জেলার উন্নয়নের জন্য ৫৫০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এর বাহিরে গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী- এই চার জেলাকেও আলাদা আলাদা ভাগ করে আমরা উন্নয়ন প্রকল্প গ্রহণ করছি।

novelonlite28
umchltd