প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কাউকে আর নিপীড়িত বা নিষ্পেষিত হওয়ার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, বিরোধী দলে থাকা অবস্থায় তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হলে বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন। এ ধারণার মূল লক্ষ্য হলো সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করা এবং হাজং-গারোদের হারানো গৌরব ফিরিয়ে এনে শত বছরের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করা।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি আয়োজিত এ উৎসবে কায়সার কামাল বলেন, কোনো একক ব্যক্তির মাধ্যমে এ দেশের স্বাধীনতা আসেনি। তাই দেশকে আর কখনো কারও পৈতৃক সম্পত্তি বা ‘আমিত্বের’ দেশ হতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রেইনবো নেশন’ ধারণার আলোকে হাজং, গারো, হিন্দু, মুসলমানসহ সব নাগরিকের সমান সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা হবে।
ডেপুটি স্পিকার বলেন, মাত্র এক থেকে দেড় মাসের মধ্যেই এক হাজার ৪০০ শিশু-কিশোর ও তরুণ-তরুণীর প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল। আজ আবারও সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। পূর্বপুরুষেরা যেভাবে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন এবং গণতন্ত্র রক্ষায় শিক্ষার্থীরা যেভাবে রাজপথে বুলেটকে আলিঙ্গন করেছেন, একইভাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দেশের প্রতিটি নাগরিক অতন্দ্র প্রহরীর মতো দেশকে রক্ষা করবেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। যারা ক্ষমতা কুক্ষিগত করেছে, তারাই বারবার ক্ষমতাচ্যুত হয়েছে। বাংলাদেশের মানুষ শাসিত হতে চায় না; তারা অন্যায়ের সঙ্গে কখনো আপস করে না। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে এ জাতি কখনো দাসত্ব বা বশ্যতা স্বীকার করেনি। কোনো সাম্রাজ্যবাদী বা আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার স্বপ্ন দেখলে তারা বোকার স্বর্গে বাস করছে। বীরের জাতি কখনো মাথা নত করে না। যারা এখনো বিপথে আছেন, তাঁদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
টঙ্ক, তেভাগা ও হাতিখেদা আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধে হাজং সম্প্রদায়ের সংগ্রামী নেতৃত্ব ও আত্মত্যাগের কথা তুলে ধরে কায়সার কামাল বলেন, সত্য ও ন্যায়ের পথে চলতে গিয়ে এই জনগোষ্ঠী বহুবার নিগৃহীত হলেও কখনো মাথা নোয়ায়নি।
এ সময় ডেপুটি স্পিকার জানান, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হাজং শিক্ষার্থী এবং সম্প্রদায়ের নেতাদের নিয়ে বাংলা ও হাজং ভাষা পাশাপাশি রেখে ‘মুলা হাজং’ নামে একটি বই প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মায়ের সঙ্গে মন্দিরে আসা শিশুদের হাতে-কলমে মাতৃভাষা শেখাতে মন্দিরভিত্তিক হাজং ভাষা শিক্ষা চালুর কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে।
ঐতিহ্যবাহী এ উৎসবের উদ্বোধন করেন আদিবাসী নেতা মতিলাল হাজং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. বিল্লাল হোসেন খান, জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, একাডেমির নির্বাহী পরিষদের সদস্য সন্ধা রাণী হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং এবং গোবিন্দপুরের গাঁওবুড়া সুবোধ হাজং।
আরও পড়ুন:









