ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে যখন ইসরায়েলে আলোচনা চলছে, তখন দেশটির গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রামাত ডেভিডে চলছে নানা প্রস্তুতি। যুদ্ধবিমান প্রস্তুত রাখা, পুরোনো উড়োজাহাজ সচল রাখা, ড্রোন মোকাবিলার সক্ষমতা বাড়ানো এবং সম্ভাব্য পাল্টা হামলার ক্ষয়ক্ষতি সামলে অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা করছে ইসরায়েলি বিমানবাহিনী। সম্প্রতি ঘাঁটিটি ঘুরে এসব প্রস্তুতির চিত্র তুলে ধরেছেন ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের এক সাংবাদিক।
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন হামলার প্রস্তুতি দেখতে সম্প্রতি ইসরায়েলি বিমানবাহিনীর রামাত ডেভিড বিমানঘাঁটি পরিদর্শন করেছেন সাংবাদিক রন বেন-ইয়াশায়ি। সেখানে গিয়ে যুদ্ধবিমানের প্রস্তুতি চলতে দেখলেও ঘাঁটির পরিবেশ ছিল বেশ শান্ত। দুপুরের খাবার শেষে কালো পোশাক পরা নারী-পুরুষ কারিগরি কর্মীদের গল্প করতে করতে ফিরতে দেখেছেন তিনি। আশপাশে চলছিল নিয়মিত প্রশিক্ষণ মহড়া।
ঘাঁটির দূরে শীতের রোদে ঝলমল করছিল জিজরিল উপত্যকার কৃষিপ্রধান জনপদ ও কিবুতজগুলোর লাল ছাদের বাড়ি। কাছের দুগ্ধ খামার থেকে ভেসে আসছিল গন্ধ।
ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ. (সাংকেতিক নাম) জানান, বড় ধরনের ইরান বা লেবানন অভিযানের সময় পরিস্থিতি একেবারেই ভিন্ন থাকে। ‘অপারেশন রোরিং লায়ন’-এর প্রথম দফায় একের পর এক কয়েক ডজন যুদ্ধবিমান উড্ডয়নের সময় বিকট শব্দে কথা বলাও কঠিন হয়ে পড়েছিল বলে জানান তিনি।
রামাত ডেভিডে এফ-১৬ যুদ্ধবিমানের একাধিক স্কোয়াড্রন রয়েছে। এর অধিকাংশই বারাক সংস্করণের, যেগুলোর কিছু ৩০ থেকে ৪০ বছরের পুরোনো। এসব যুদ্ধবিমান এক দিনে ইরানের বিরুদ্ধে একাধিক দূরপাল্লার অভিযানেও অংশ নিয়েছে।
প্রতিটি অভিযানের পর কারিগরি দল উড়োজাহাজগুলো পরীক্ষা করে, ছোটখাটো ত্রুটি মেরামত করে এবং পরবর্তী উড্ডয়নের জন্য প্রস্তুত করে। বড় ধরনের মেরামতের প্রয়োজন হলে বিমান সাময়িকভাবে অভিযান থেকে সরিয়ে নিয়ে পূর্ণাঙ্গ পরীক্ষা ও যন্ত্রাংশ পরিবর্তন করা হয়।
কমান্ডারের দাবি, কারিগরি কর্মীদের দক্ষতা ও নিষ্ঠার কারণেই পুরোনো যুদ্ধবিমান দিয়েও দীর্ঘ সময় ধরে নিবিড় অভিযান চালানো সম্ভব হয়েছে। কখনো কখনো ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির মধ্যেও তারা কাজ করেছেন।
ইরানের ওই অভিযানের সময় রামাত ডেভিড ঘাঁটি লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। কমান্ডারের দাবি, সবগুলোই প্রতিহত করা হয়। তবে ধ্বংসাবশেষ পড়ে কিছু ভবনের ছাদ ও জানালা ক্ষতিগ্রস্ত হয়। কোনো যুদ্ধবিমান, গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা বা কর্মী হতাহত হননি বলে জানান তিনি।
এফ-১৬ স্কোয়াড্রনের সদর দপ্তরে গিয়ে কয়েকজন পাইলটের সঙ্গে কমান্ডারকে কুশল বিনিময় ও আলিঙ্গন করতে দেখেছেন প্রতিবেদক। প্রত্যেককে তিনি নাম ধরে চিনতেন। কারিগরি কর্মীদের সঙ্গেও একইভাবে মিশেছেন, তাদের পদমর্যাদা যা-ই হোক না কেন।
প্রতিবেদকের চোখে, যুদ্ধের আগে বিমানবাহিনীতে এমন ঘনিষ্ঠতা ও সামরিক পদমর্যাদার কঠোর বিভাজনহীন পরিবেশ তিনি দেখেননি। যুদ্ধের মধ্যে একসঙ্গে কাজ করতে গিয়ে নারী-পুরুষ পাইলট ও কারিগরি কর্মীদের মধ্যে এই সম্পর্ক তৈরি হয়েছে।
সেখানে ২০-এর কোঠায় বয়সী কর্মরত পাইলটদের পাশাপাশি বয়স্ক রিজার্ভ সেনাদেরও কাজ করতে দেখেছেন তিনি। তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছিলেন নারী ও পুরুষ কারিগরি কর্মীরা। প্রতিবেদকের পর্যবেক্ষণে, তাদের দক্ষতা ও কাজের প্রতি নিষ্ঠাই কয়েক দশকের পুরোনো যুদ্ধবিমানকে ইরানের গভীরে দূরপাল্লার অভিযান চালানোর উপযোগী করে রেখেছে।
ইরান থেকে ফেরার পথে পাইলটদের কুইজ
ঘাঁটির কমান্ডার নিজেও অভিজ্ঞ যুদ্ধবিমান চালক। ইরানের বিরুদ্ধে ২০টি অভিযানে অংশ নিয়েছেন তিনি। তার মতে, কোনো কোনো পাইলট টানা তিন দিন না ঘুমিয়েও অভিযান চালিয়েছেন। সতর্ক থাকতে কেউ কেউ উদ্দীপক ওষুধও ব্যবহার করেছেন।
ইরানের উদ্দেশে যাত্রার সময় পাইলটদের সতর্ক থাকতে হতো। তবে ফেরার পথে তাৎক্ষণিক বিপদ কেটে গেলে দীর্ঘ উড়াল একঘেয়ে হয়ে উঠত। সেই একঘেয়েমি কাটাতে পাইলটরা নিজেদের মধ্যে কুইজ আয়োজন করতেন এবং বেতার যোগাযোগে প্রশ্নোত্তর চালাতেন। জনপ্রিয়তা এতটাই বেড়েছিল যে পরে স্কোয়াড্রন কমান্ডাররা তা বন্ধ করে দেন।
হেলিকপ্টারের গুরুত্ব বাড়াচ্ছে ইসরায়েল
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর নিজেদের সামরিক পরিকল্পনায় পরিবর্তন এনেছে ইসরায়েলি বিমানবাহিনী। ওই দিন গাজা সীমান্তের বিভিন্ন এলাকায় হামলাকারীদের ঠেকাতে অ্যাপাচি আক্রমণকারী হেলিকপ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামরিক তদন্ত অনুযায়ী, এসব হেলিকপ্টারের হামলায় গাজা থেকে আসা প্রায় ৩০০ হামলাকারী নিহত হয়। তবে স্থল পরিস্থিতি সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় এক ইসরায়েলি জিম্মি এফরাত কাটজও হেলিকপ্টারের গোলায় নিহত হন।
এরপর হেলিকপ্টার বহর পুনর্বিন্যাস এবং উত্তর ইসরায়েলে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয় বিমানবাহিনী। ইরান, ইরাক ও ইয়েমেন থেকে আসা কয়েক ডজন ড্রোন প্রতিহত করতেও অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এ পুনর্বিন্যাসে অবকাঠামো, কারিগরি কর্মী ও পাইলট স্থানান্তরে কয়েক কোটি শেকেল ব্যয় হয়েছে।
নতুন উদ্বেগ ফাইবার-অপটিক ড্রোন
লেবাননে ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর ফাইবার-অপটিক নিয়ন্ত্রিত ড্রোন হামলা নতুন উদ্বেগ তৈরি করেছে। প্রচলিত ড্রোনের মতো বেতার যোগাযোগের ওপর নির্ভর না করায় এসব ড্রোন ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে অকার্যকর করা কঠিন। এ হুমকি মোকাবিলায় সুরক্ষাব্যবস্থা উন্নয়নে লাখ লাখ শেকেল বিনিয়োগ করছে ইসরায়েল। পাল্টা ব্যবস্থা তৈরির কাজ চললেও এখনো কার্যকর সমাধান পুরোপুরি প্রস্তুত হয়নি।
ঘাঁটিতে রাজনৈতিক মতপার্থক্য নিয়েও আলোচনা হয়। ইরানে দ্রুত হামলার পক্ষে ও বিপক্ষে থাকা কর্মকর্তাদের মধ্যে কথাবার্তা এবং মাঝেমধ্যে তর্ক হলেও তা বড় কোনো বিরোধে রূপ নেয়নি বলে জানিয়েছেন প্রতিবেদক। তার পর্যবেক্ষণে, তরুণ পাইলটদের পাশাপাশি অভিজ্ঞ রিজার্ভ সেনা ও কারিগরি কর্মীরা একসঙ্গে কাজ করছেন। তাদের দক্ষতা ও সমন্বয়ই কয়েক দশকের পুরোনো যুদ্ধবিমানকে নতুন করে দূরপাল্লার অভিযানের উপযোগী করে তুলছে।
ঘাঁটি ঘুরে প্রতিবেদকের মনে হয়েছে, ইসরায়েলের পুরো রাষ্ট্রব্যবস্থা যদি এভাবে সমন্বয় ও পেশাদারত্বের সঙ্গে কাজ করত, তাহলে দেশটির মানুষের কত দুঃখ ও হতাশাই না কমানো যেত।
সূত্র : ওয়াইনেট
আরও পড়ুন:









