ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ 

ভারত

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:০৭, ২৭ নভেম্বর ২০২৬

শেয়ার

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে
ছবি : সংগৃহীত

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো। জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সারসহ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে প্রায় ২৫৪ কোটি ডলারের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে। এর বড় অংশই গেছে প্রতিবেশী দেশ ভারতে। এতে দেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও ভবিষ্যৎ রপ্তানি ব্যবসা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) এক বিশেষ প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, নভেম্বরের প্রথম ১৮ দিনে বাংলাদেশ থেকে প্রায় ২৫৪ মিলিয়ন ডলারের পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিন কারখানার মালিক।

তাদের মতে, মাসিক অর্ডারের প্রায় এক-দশমাংশ অন্য এশীয় দেশগুলোতে চলে গেছে। এই পরিবর্তন বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাক খাতের জন্য বড় ধাক্কা হতে পারে।

শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। শ্রমিক অসন্তোষের পাশাপাশি মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের কম উৎপাদন ব্যয়ের সুবিধা কমিয়ে দিয়েছে। ফলে আন্তর্জাতিক ক্রেতারা পোশাক সংগ্রহের ক্ষেত্রে বিকল্প দেশগুলোর দিকে ঝুঁকছেন।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে তৈরি পোশাক খাতে ৪০০ মিলিয়ন ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। পাশাপাশি দেশের উৎপাদনশীল কর্মসংস্থানের প্রায় ৪০ শতাংশের সঙ্গে পোশাকশিল্প জড়িত।

ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাচ্ছে অর্ডার

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অর্ডার সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে ভারত। পাশাপাশি সরবরাহব্যবস্থার ঝুঁকি কমানো এবং সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করতে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন আন্তর্জাতিক ক্রেতারা।

রয়টার্স বলছে, গত বুধবার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে গত চার দশকের মধ্যে এটি ছিল সবচেয়ে কম হারে মজুরি বৃদ্ধি। শ্রমিকদের দাবি ছিল মজুরি দ্বিগুণের বেশি করা। নতুন মজুরি ঘোষণার পরও দাবির পক্ষে শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার মজুরি বৃদ্ধির সিদ্ধান্তকে ‘সন্তোষজনক’ বলে উল্লেখ করেছেন। শনিবার থেকে সব পোশাকশ্রমিক কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

শিল্পসংশ্লিষ্টরা রয়টার্সকে বলেছেন, নতুন মজুরি কার্যকর হলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয়ের যে সুবিধা ছিল, তা আরও কমে আসবে। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, বৈশ্বিক পোশাকশিল্পের মানদণ্ডে বাংলাদেশের শ্রমিকদের মজুরি এখনো কম।

অর্ডার সরে যাওয়ার বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে তিন কারখানার মালিক রয়টার্সকে জানান, শ্রমিক অসন্তোষের কারণে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার, সেলিওসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে অর্ডার সরিয়ে নিয়েছে। এর বড় অংশ পেয়েছে ভারত।

এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি জারার মালিক প্রতিষ্ঠান ইন্ডিটেক্স, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার ও সেলিও। তবে ভারতীয় বস্ত্র খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর গোকালদাস এক্সপোর্টসের শেয়ারের দাম সর্বোচ্চ ১১ শতাংশ পর্যন্ত বেড়েছে। ট্রাইডেন্টের শেয়ার বেড়েছে প্রায় ৫ শতাংশ। ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলসের শেয়ারের দামও প্রায় ২ শতাংশ বেড়েছে।

বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী জানান, মজুরি, ইউটিলিটি ও কাঁচামালের ব্যয় বৃদ্ধি পোশাক প্রস্তুতকারকদের ওপর চাপ বাড়াচ্ছে। তিনি বলেন, ‘ক্রেতারা যখন কম দামে পণ্য চাইছে এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে, তখন মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় আরও বেড়েছে।’

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করতে চাননি। তবে তিনি বলেন, সাময়িকভাবে কিছু অর্ডার অন্য দেশে সরিয়ে নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখা এবং আর্থিক ক্ষতি কমানোর চেষ্টা করছে শিল্প খাত।

ভবিষ্যতে অর্ডার হারানোর শঙ্কা

কারখানার মালিকদের বড় উদ্বেগ, ইতোমধ্যে সরিয়ে নেওয়া অর্ডারগুলোর পর ভবিষ্যতের ব্যবসাও হারাতে পারে বাংলাদেশ। কারণ, ক্রেতারা এখন নতুন করে ভাবছেন কোন দেশ থেকে পোশাক সংগ্রহ করলে উৎপাদন ও সরবরাহ নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চিত করা যাবে।

মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি সরবরাহে ঘাটতি আরও বেড়েছে। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং কিছু কারখানাকে বেশি ব্যয়বহুল বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে।

এম মহিউদ্দিন চৌধুরী রয়টার্সকে বলেন, পোশাক কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রেতারা এখন দামের চেয়ে পণ্য সরবরাহের সময়কে বেশি গুরুত্ব দিচ্ছেন। তার ভাষায়, ‘ব্র্যান্ডগুলো যখন সরবরাহের সময়সীমা পূরণের চাপে থাকে, তখন দামের বিষয়টি গৌণ হয়ে যায়।’

তিনি বলেন, ভারত বাংলাদেশ থেকে প্রায় এক সপ্তাহ আগে পণ্য সরবরাহ করতে পারে। অন্যদিকে ভিয়েতনাম ও কম্বোডিয়া সরবরাহের সময় ১৫ দিন পর্যন্ত কমাতে পারে। এসব প্রতিদ্বন্দ্বী দেশে সাধারণত ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও পণ্য সরবরাহ সম্পন্ন করা সম্ভব। বাংলাদেশে এ সময় লাগে প্রায় ১২০ দিন।

প্রতিবেদনে আরও উঠে এসেছে, শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদনে পিছিয়ে পড়েছে ঢাকার আশপাশের কারখানাগুলোও। এতে আনুমানিক ২০ থেকে ২৫ দিনের উৎপাদন ক্ষতি হয়েছে। নির্ধারিত সময়ে অর্ডার সরবরাহ করতে কিছু কারখানা অতিরিক্ত সময় কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা ভাবছে।

ইউরোপীয় ব্র্যান্ডগুলোর জন্য পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান আলপস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম রয়টার্সকে বলেন, শ্রমিক অসন্তোষের প্রভাব নতুন ব্যবসার ওপরও পড়েছে। তিনি বলেন, ‘১ নভেম্বর থেকে আমার অধিকাংশ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ করে দিয়েছেন। তারা বলছেন, অর্ডার অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে। তারা ইতোমধ্যে বিকল্প ব্যবস্থাও খুঁজে নিয়েছেন।’

এদিকে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকায় ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনাও নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখতে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি। এম মহিউদ্দিন চৌধুরীর শঙ্কা, অস্থিতিশীলতার সময় যেসব অর্ডার অন্য দেশে চলে যায়, পরিস্থিতি স্বাভাবিক হলেও সেগুলো আর বাংলাদেশে ফিরে নাও আসতে পারে।

তিনি রয়টার্সকে বলেন, ‘সাময়িকভাবে অন্য দেশে সরিয়ে নেওয়া অর্ডার যেন দীর্ঘমেয়াদি উৎসে পরিণত না হয়, তার আগেই ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প রয়েছে। অস্থিতিশীলতা চলতে থাকলে তারা আমাদের জন্য অপেক্ষা করবে না।’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে অনূদিত।

novelonlite28
umchltd