ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ 

অবরোধ ভাঙার চেষ্টা করা ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৭, ২৮ নভেম্বর ২০২৬

শেয়ার

অবরোধ ভাঙার চেষ্টা করা ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা
ছবি : সংগৃহীত

নৌ অবরোধ অমান্য করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করায় ইরানের একটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ওমান উপসাগরে পালাউয়ের পতাকাবাহী ‘প্যাসিফিক আর্চার’ নামের জাহাজটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে জাহাজটির চলাচলের ক্ষমতা অকার্যকর হয়ে পড়লেও বেসামরিক নাবিকদের কেউ আহত হননি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানায়, অবরোধ অমান্য করে চলাচলের চেষ্টা করার সময় জাহাজটির পেছনের অংশে নিখুঁতভাবে লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। এতে জাহাজটির ইঞ্জিন বা চালনা ব্যবস্থা অকার্যকর হয়ে যায়। তবে জাহাজে থাকা বেসামরিক নাবিকেরা নিরাপদে রয়েছেন।

বিবৃতিতে বলা হয়, প্যাসিফিক আর্চার হরমুজ প্রণালির কাছে ইরানের বন্দর আব্বাস থেকে যাত্রা শুরু করেছিল। প্রণালি পেরিয়ে ওমান উপসাগরে প্রবেশের পরপরই মার্কিন বাহিনী জাহাজটিকে দ্রুত আটকে দেয়।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে অবরোধ কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। এ পর্যন্ত ৬টি জাহাজের চলাচল অকার্যকর করা হয়েছে এবং ১৫৮টি জাহাজকে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধ কার্যকর রয়েছে গত জুলাইয়ের মাঝামাঝি থেকে। ইরানের সঙ্গে স্বল্পস্থায়ী একটি সমঝোতা ভেঙে যাওয়ার পর ওয়াশিংটন এ অবরোধ আরোপ করে।

অন্যদিকে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর নিজেদের অবরোধও বজায় রেখেছে ইরান। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরান যেসব সমুদ্রপথকে নিষিদ্ধ বলে বিবেচনা করছে, সেসব পথে চলাচলের চেষ্টা করা একাধিক জাহাজে আগুন লাগার খবর জানিয়েছে ইরানি বাহিনী।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের অবরোধ মোকাবিলায় দেশের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহারের অঙ্গীকার করেন।

ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা চললেও তা এখনো অচলাবস্থায় রয়েছে।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের দাবিগুলো মেনে নিলে দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া সম্ভব। এসব দাবির মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া।

সূত্র : ইউরো নিউজ

novelonlite28
umchltd