মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৫ জন। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার পর শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা ধরে চলে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটির নেতৃত্বে ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন।
মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের মুখোমুখি হয়। এ সময় একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে । পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় ও আহত হওয়ার কারণ নিশ্চিত হওয়া যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করার তথ্যও পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
আরও পড়ুন:









