ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ 

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা: সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৫, ২৮ নভেম্বর ২০২৬

শেয়ার

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা: সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে
ছবি : সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় আরেক শীর্ষ সন্ত্রাসী এসএম আসলাম ওরফে সুইডেন আসলামের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্তে তার সম্পৃক্ততার তথ্য পাওয়ার দাবি করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেন এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সেই রিমান্ড শেষে শনিবার তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ১০ দিনের রিমান্ড আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসলামের পক্ষে আইনজীবী মাহবুবুল আলম রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেছিলেন।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার এসএম আসলাম ওরফে সুইডেন আসলামের এ হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন, হত্যাকাণ্ডে ইন্ধনদাতা শনাক্ত, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আবেদনে রনি, ভাঙ্গারি রনি, এনামুল হাসান হেলাল, পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল, কাইলা বাদল ও শাহজাহানসহ পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২২ নভেম্বর গভীর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। ডিবি কর্মকর্তাদের দাবি, তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পুলিশি তৎপরতা চলছিল। এ অবস্থায় দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন তিনি। ডিএমপি কমিশনারের কার্যালয়ে তার বিরুদ্ধে শতাধিক অভিযোগ রয়েছে বলেও জানিয়েছেন ডিবি কর্মকর্তারা। এ ছাড়া অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মামলার বিবরণ অনুযায়ী, খন্দকার নাঈম আহমেদ টিটন দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে ঢাকায় বসবাস করছিলেন। বছিলা গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল, কাইলা বাদল, শাহজাহান, রনি ও ভাঙ্গারি রনিসহ কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছিল।

গত ২৬ এপ্রিল বিষয়টি বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপনকে ফোন করে জানান টিটন। পরদিন ২৭ এপ্রিলও তিনি বড় ভাইকে জানান, বিরোধে জড়িত ব্যক্তিরা তাকে ডেকেছেন। তাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে কাজ করার কথা ভাবছেন তিনি।

এরপর গত ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে রাজধানীর নিউমার্কেট থানাধীন শাহনেওয়াজ হলের সামনে বটতলা পাকা রাস্তায় টিটনের ওপর হামলা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাতনামা অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ৮টা ২৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২৯ এপ্রিল টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।

উল্লেখ্য, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে পুলিশ প্রকাশিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় সুইডেন আসলাম ও টিটন দুজনেরই নাম ছিল। আশির দশকের শেষ দিকে রাজধানীর রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় অপরাধজগতে উত্থান ঘটে সুইডেন আসলামের। নব্বইয়ের দশকে কারওয়ান বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে আলোচনায় আসেন তিনি।

বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ২২টি মামলা হয়, যার মধ্যে নয়টি ছিল হত্যা মামলা। অস্ত্র মামলাসহ কয়েকটি মামলায় তার সাজাও হয়। ১৯ বছরের বেশি সময় কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তিনি কারামুক্ত হন।

novelonlite28
umchltd