ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন ২০২৫-২৬ অর্থবছরে সর্বকালের সর্বোচ্চ ১ লাখ ৭৮ হাজার কোটি রুপিতে পৌঁছেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগের অর্থবছরের ১ লাখ ৫৪ হাজার কোটি রুপির তুলনায় এটি ১৫.৬ শতাংশ বৃদ্ধি।
সরকারি তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরে ভারতের প্রতিরক্ষা উৎপাদনের পরিমাণ ছিল ৮৪ হাজার ৬৪৩ কোটি রুপি। সেই তুলনায় পাঁচ বছরে উৎপাদন বেড়েছে প্রায় ১১০ শতাংশ। অন্যদিকে ২০১৩-১৪ অর্থবছরের ৪৩ হাজার ৭৪৬ কোটি রুপির তুলনায় বর্তমান উৎপাদন প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে।
প্রতিরক্ষা উৎপাদনের এই ধারাবাহিক প্রবৃদ্ধির ফলে দেশটির প্রতিরক্ষা রপ্তানিও নতুন উচ্চতায় পৌঁছেছে। ২০২৫-২৬ অর্থবছরে ভারতের প্রতিরক্ষা রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪২৪ কোটি রুপি, যা এ খাতের আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, সরকারের নীতিগত সহায়তা, প্রতিরক্ষা উৎপাদন বিভাগের উদ্যোগ এবং সরকারি ও বেসরকারি খাতের যৌথ প্রচেষ্টার ফলে এই সাফল্য অর্জিত হয়েছে।
রাজনাথ সিং আরও বলেন, প্রতিরক্ষা উৎপাদনের এই ঊর্ধ্বমুখী ধারা ভারতের প্রতিরক্ষা শিল্পভিত্তির সম্প্রসারণ এবং বৈশ্বিক প্রতিরক্ষা বাজারে দেশের ক্রমবর্ধমান উপস্থিতির প্রতিফলন।
বিশ্লেষকদের মতে, ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচি, বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি, নতুন উৎপাদন উদ্যোগ এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির ফলে ভারতের প্রতিরক্ষা শিল্প আগামী বছরগুলোতেও শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রাখতে পারে।
আরও পড়ুন:








