ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬ 

বিরোধীদলের আন্দোলনকে ‘নতুন নাটক’ বললেন রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৯, ১৭ অক্টোবর ২০২৬

শেয়ার

বিরোধীদলের আন্দোলনকে ‘নতুন নাটক’ বললেন রিজভী

বিরোধীদল নিজেদের অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা আড়াল করতে রাজপথে আন্দোলনের নামে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশ নানা সংকটের মধ্য দিয়ে গেলেও গঠনমূলক ভূমিকা না রেখে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিরোধীদল।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। দেশজুড়ে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও চক্রান্তের প্রতিবাদে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) এ সমাবেশের আয়োজন করে।

রিজভী বলেন, সংবাদপত্র খুললেই বিরোধীদলগুলোর কেবল ‘নাই নাই’ জিকির দেখা যায়। দেশের উন্নয়ন বা জনগণের কল্যাণে তাদের নজর নেই। নিজেদের দলীয় দ্বন্দ্ব আড়াল করতেই তারা রাজপথে নামার নানা অজুহাত খুঁজছে এবং বিভিন্ন কর্মসূচি সাজাচ্ছে।

স্বৈরাচারী শাসনের পরিণতি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, অন্যায় ও অপশাসন চালিয়ে কোনো শাসকই শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পারে না। ইতিহাসে দেখা গেছে, জনগণ রাজপথে নামলে অপরাধী শাসকদের পালিয়ে যেতে হয়। বাংলাদেশেও জোর করে ক্ষমতায় থাকা স্বৈরাচারী শক্তিকে পালিয়ে যেতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান রিজভী। তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা সর্বোচ্চ নিরাপত্তা, ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপনের জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে।

রিজভীর ভাষ্য, সারা দেশে বিএনপির প্রতিনিধিরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন, যাতে সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন করতে পারেন।

novelonlite28
umchltd