ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ 

ইউপি নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিদ্রোহী হলেই ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৪, ১৬ অক্টোবর ২০২৬

শেয়ার

ইউপি নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিদ্রোহী হলেই ব্যবস্থা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একক প্রার্থী নিয়ে মাঠে নামবে ক্ষমতাসীন বিএনপি। বিদ্রোহী প্রার্থী থাকলেই নেয়া হবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা। পদ পদবি নয়, সমর্থন দেয়া হবে ব্যক্তির জনপ্রিয়তা যাচাই করে। 

জাতীয় সংসদের পর আবারও নির্বাচনী হাওয়া বইছে দেশে। নানা নাটকীয়তা শেষে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের জানুয়ারি থেকে ৫ ধাপে অনুষ্ঠিত হবে নির্বাচন।

ইউপি নির্বাচনে জয় ঘরে তুলতে এরইমধ্যে মাঠে নেমেছে ক্ষমতাসীন বিএনপি। প্রতীকবিহীন নির্বাচনে একক প্রার্থী নিশ্চিতে দায়িত্ব দেয়া হয়েছে তৃণমূল সংগঠনকেই। জেলা পর্যায়ের নেতারা এরইমধ্যে একাধিক যোগ্য প্রার্থীকে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছেন।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু বলেন, ‘আমরা বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য প্রাথমিকভাবে একজন অথবা দুজনকে বাছাই করেছি। তাদের মধ্যে থেকে যাকে যোগ্য মনে করব তাকেই প্রার্থী করা হবে।’

গাইবান্ধ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মমাহমুদুন নবী টিটুল বলেন, ‘একক প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অনেক আগেই থেকে আমরা কাজ করছি। উপজেলা পর্যায়ে নেতাদের সঙ্গে একাধিকবার আলোচনা করেছি।’

এছাড়া জাতীয় নির্বাচনের বিজয়ের ধারাবাহিকতা ঠিক রাখতে বিস্তর পরিকল্পনা নিয়েছে বিএনপি। জয় নিশ্চিতে পদ পদবি নয়, বরং গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেবে দলটি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে একজন প্রার্থী বাছাই করতে জেলা উপজেলার নেতাদের নির্দেশ দেয়া হয়েছে। যারা মনে করবে গায়ের জোরে কিংবা দলের শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হবে, তাদের মনে রাখতে হবে দল ব্যবস্থা নেবে। আর দল ব্যবস্থা নিলে ওই বিদ্রোহী প্রার্থীর জন্য মঙ্গলজনক হবে না, সেটা তাকে ভাবতে হবে।

তিনি আরও বলেন, ‘দলীয় প্রতীকে যেহেতু নির্বাচন হচ্ছে না, তাই যে যার প্রতীকে নির্বাচন করতে পারবেন। তবে দল একজনকেই সমর্থন করবে। এলাকার যিনি খুবই সমাদ্রিত মানুষ, যার জেতার সম্ভাবনা রয়েছে, এ ধরনের ব্যক্তিকেই তৃণমূলের নেতারা বাছাই করবেন। এরপর দলের সবাই মিলে সিন্ধান্ত নেবে কাকে সমর্থন করবে।’ 

একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ঠিক রেখে দল মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার নির্দেশনা বিএনপি হাইকমান্ডের।

novelonlite28
umchltd