ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ 

শাহজালালে ৮৬ ফ্লাইট বাতিল

ভোগান্তিতে সৌদিগামী সাড়ে ১৩ হাজার যাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৭, ১৪ অক্টোবর ২০২৬

শেয়ার

ভোগান্তিতে সৌদিগামী সাড়ে ১৩ হাজার যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ ও ফ্লাইট চলাচলে বিঘ্নের কারণে ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৩ হাজার ৪৯০ জন প্রবাসী ও সাধারণ যাত্রী।

বুধবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাতিল বা স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট।

সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে সরাসরি চলাচলকারী ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের সাতটি এবং সৌদিয়া এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী দেশের বিমানবন্দর হয়ে সৌদি আরবগামী যাত্রী পরিবহনকারী ট্রানজিট ফ্লাইটও বিঘ্নিত হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ২২টি, এমিরেটস এয়ারলাইন্সের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাই দুবাইয়ের ছয়টি, সালাম এয়ারের চারটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি কর্তৃপক্ষের আকস্মিক বিধিনিষেধ ও ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তে অনেক যাত্রী বিমানবন্দরে এসে আটকা পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইটের সময়সূচি পুনর্বিন্যাস ও টিকিটের তারিখ পরিবর্তনের বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

novelonlite28
umchltd