ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ 

ইরানে আজ হামলা হবে না, জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৯, ২৬ অক্টোবর ২০২৬

শেয়ার

ইরানে আজ হামলা হবে না, জানালেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে ইরানে হামলার সম্ভাবনা নাকচ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৫ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, ওই দিন ইরানে কোনো হামলা চালানো হবে না।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং আরব দেশগুলো থেকে মার্কিন কূটনীতিক ও সামরিক সদস্যদের সরিয়ে নেওয়ার খবরের মধ্যে ট্রাম্পের এ বক্তব্য এল। এর আগে ইরানে নতুন করে হামলার ইঙ্গিত দেওয়ায় সম্ভাব্য সংঘাত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। হোয়াইট হাউস থেকে মিশিগানের উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। ইরানে হামলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে তিনি বলেন, ‘আপনাকে কি আমি এ কথা বলব?’ পরে তিনি সরাসরি উত্তর দিয়ে বলেন, ‘না। আজ কোনো হামলা হবে না।’

এর আগের দিন শনিবার ট্রাম্পের বক্তব্যে ইরানে নতুন করে হামলার আশঙ্কা তৈরি হয়েছিল।

এমন পরিস্থিতিতে তেহরানও সম্ভাব্য যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানায়। ইরানের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, নতুন করে যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যের বেসামরিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হতে পারে।

এদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্বেগও নতুন করে আলোচনায় এসেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরুর বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর অবস্থান পুনর্ব্যক্ত করার এক দিন পর ট্রাম্প এ মন্তব্য করেন। রোববার তেল আবিবে পারমাণবিক বোমা হামলার একটি সিমুলেশনও প্রকাশ করেন নেতানিয়াহু।

তবে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা চলছে বলে মনে করেন না ট্রাম্প। তাঁর দাবি, মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, আগে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে উল্লেখযোগ্য কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। তথ্যসূত্র: আল-জাজিরা

novelonlite28
umchltd