ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ 

হঠাৎ কেন গোপনে তেহরান সফর ইরাকি প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৫, ৯ নভেম্বর ২০২৬

শেয়ার

হঠাৎ কেন গোপনে তেহরান সফর ইরাকি প্রধানমন্ত্রীর

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে শুক্রবার আকস্মিকভাবে তেহরান সফর করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। সোমবার ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি একটি অবগত সূত্রের বরাত দিয়ে জানায়, কয়েক ঘণ্টার ওই সফরে আল-জাইদি ও তার সফরসঙ্গীরা ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেন।

সূত্রটি জানায়, বৈঠকে কেবল ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে ইরাকের কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। অন্য কোনো বিষয় আলোচনায় আসেনি।

প্রতিবেদন অনুযায়ী, ইরাকের উদ্যোগের জন্য বাগদাদকে ধন্যবাদ জানান গালিবাফ। পাশাপাশি তেহরানের দুই দিনের প্রস্তাবের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আলোচনা এগিয়ে নিতে হলে ওই পরিকল্পনার আওতায় ইরানের অধিকারগুলোকে ওয়াশিংটনের সম্মান করতে হবে।

সফরটির বিষয়ে আগে থেকে প্রকাশ্যে কোনো ঘোষণা দেওয়া হয়নি। এ বিষয়ে তেহরান বা বাগদাদের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে পাল্টা হামলা চালায় ইরান। এতে পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার পর জুনে দুই পক্ষ একটি সমঝোতা স্মারকে সই করে। এতে সংঘাত বন্ধ, নিষেধাজ্ঞা শিথিল এবং হরমুজ প্রণালিতে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন ব্যবস্থা নির্ধারণ করা হয়।

তবে সমঝোতা বাস্তবায়ন নিয়ে মতপার্থক্য এবং নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ায় স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।

এ পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান খুঁজতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে ইরাক।

সূত্র : আনাদোলু এজেন্সি

novelonlite28
umchltd