জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শনিবার (৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু লেখেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেদিনের রাজনৈতিক ও রাষ্ট্রীয় সংকটের প্রেক্ষাপটে সৈনিক, ছাত্র ও জনতার সম্মিলিত অভ্যুত্থান দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় আত্মপরিচয় ও বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি আরও লেখেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা রক্ষা, রাষ্ট্রীয় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তাঁর প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা দেশপ্রেম, আত্মমর্যাদা ও জনগণের কল্যাণে কাজ করার প্রেরণা জোগায়।
৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে পোস্টে তিনি বলেন, জাতীয় সংকট মোকাবিলায় ঐক্য, দায়িত্বশীল নেতৃত্ব ও জনগণের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতির প্রকৃত শক্তি বিভাজনে নয়, ঐক্যে; ব্যক্তিস্বার্থে নয়, দেশ ও মানুষের কল্যাণে।
তিনি একটি আত্মমর্যাদাশীল, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পোস্টে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া দেশপ্রেম, জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক মূল্যবোধের চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান।
পোস্টের শেষাংশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আরও পড়ুন:









