ইরান যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মতপার্থক্য থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার (১৬ অক্টোবর) প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।
হোয়াইট হাউসের সাবেক মুখপাত্র শন স্পাইসারের উপস্থাপনায় একটি রাজনৈতিক টক শোতে অংশ নিয়ে ভ্যান্স বলেন, ‘কোনো একটি বিষয়ে তার সঙ্গে আপনার বিরোধ থাকতে পারে। আর আমার মনে হয়, ওই বিষয়ে আমারও মতবিরোধ হয়েছে।’
সাক্ষাৎকারে রাজনৈতিক ভাষ্যকার ও ট্রাম্পের সাবেক ঘনিষ্ঠ মিত্র টাকার কার্লসনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে ভ্যান্স এ মন্তব্য করেন। ইরান যুদ্ধের তীব্র সমালোচনা করে আসছেন কার্লসন। তার দাবি, এ যুদ্ধ যুক্তরাষ্ট্রের স্বার্থের চেয়ে ইসরায়েলের স্বার্থ বেশি রক্ষা করছে। পাশাপাশি, ব্যয়বহুল বিদেশি সামরিক সংঘাতে জড়ানো এড়ানোর বিষয়ে ট্রাম্পের প্রতিশ্রুতির সঙ্গেও যুদ্ধটি সাংঘর্ষিক বলে মনে করেন তিনি।
কার্লসনের অবস্থান প্রসঙ্গে ভ্যান্স বলেন, যুদ্ধ নিয়ে তিনি ‘ভীষণ, ভীষণ ক্ষুব্ধ’। এ বিষয়ে কার্লসনের সঙ্গে ব্যক্তিগত ও প্রকাশ্যে তার আলোচনা হয়েছে বলেও জানান ভাইস প্রেসিডেন্ট।
ভ্যান্স বলেন, ‘তিনি কেমন অনুভব করছেন, তা আমি জানি এবং বুঝতে পারি।’
তবে কার্লসনকে উদ্দেশ করে ভ্যান্স আরও বলেন, একটি বিষয়ে মতবিরোধের কারণে অন্য সব বিষয়কে অস্বীকার করা উচিত নয়। তিনি বলেন, ‘একটি খারাপ বিষয় নিয়ে আপত্তি জানাতে গিয়ে ভালো বিষয়গুলোও একসঙ্গে ছুড়ে ফেলবেন না।’
সূত্র: আনাদোলু এজেন্সি
আরও পড়ুন:









