কেবল মুখস্থবিদ্যায় পরীক্ষা দিয়ে পাস করা কিংবা ডিগ্রির সনদ অর্জনই প্রকৃত শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব ও যুক্তিবোধের সমন্বয় ঘটলেই তা প্রকৃত জ্ঞানে পরিণত হয়। প্রকৃত শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং প্রতিটি শিক্ষার্থীর হৃদয় ও গৃহে আনন্দের প্রদীপ জ্বালায়।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের ‘নবীনবরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত মহাসচিব এসব কথা বলেন।
নবাগত ছাত্রীদের অভিনন্দন জানিয়ে রিজভী বলেন, শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দূরদৃষ্টি বা ‘ভিশন’ তৈরি করে। এই ভিশন হলো দেখার এমন এক শিল্পকলা, যা সাধারণ মানুষের দৃষ্টিসীমার বাইরে গিয়ে অনেক দূর পর্যন্ত দেখার ক্ষমতা তৈরি করে। চাকরি ও আর্থিক উপার্জনের জন্য আমাদের ডিগ্রির প্রয়োজন আছে। কিন্তু একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার অন্তর্নিহিত তাগিদটা হৃদয়ে ধারণ করতে হবে। যে শিক্ষা শিক্ষার্থীর মনে আনন্দ তৈরি করতে পারে না, তা কখনোই প্রকৃত শিক্ষা হতে পারে না।
শিক্ষার্থীদের উদ্দেশে পরামর্শ দিয়ে তিনি বলেন, ছাত্রজীবনে প্রতিযোগিতায় ভালো করার জন্য কিছু জেদ থাকা ভালো, তবে তা স্থায়ী করা যাবে না। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হওয়ার পর সেই জেদ হালকা করে নিজেকে ‘সেলফ-রেসপেক্ট’ বা আত্মসম্মানের দিকে নিয়ে যেতে হবে।
বক্তব্যে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণা করে রুহুল কবির রিজভী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে ভর্তির সময় আমাদেরও এভাবে নবীনবরণ করা হয়েছিল। সময়ের স্রোতে পদ্মা-বুড়িগঙ্গায় অনেক জল গড়িয়েছে, কিন্তু আমাদের সংস্কৃতির চিরায়ত ধারা থেমে থাকেনি। এইচএসসি পড়ার সময় আমাদের শিক্ষক রুহুল আমিন স্যার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাস এত চমৎকার ও আনন্দদায়কভাবে পড়াতেন যে আজও সেই সংলাপগুলো কানে বাজে।
পাঠদানকে আনন্দময় করে তোলার ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, শিক্ষকদের এমনভাবে পাঠদান করতে হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনায় আনন্দ পায় এবং ক্লাসের প্রতি আকৃষ্ট হয়। প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনার ডানা লুকিয়ে থাকে। সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমেই সেই ডানা প্রসারিত করে আকাশে ওড়ার কৌশল আয়ত্ত করতে হয়।
কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফরহানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এবং বসিলা হাইস্কুলের সভাপতি মো. সোহেল রহমান প্রমুখ।
আরও পড়ুন:









