ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ 

বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৭, ৪ নভেম্বর ২০২৬

শেয়ার

বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা সফরে আসছেন। সফরকালে তিনি বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

একদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গোটা খুলনা শহর নতুন সাজে সেজেছে। অন্যদিকে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সদস্যরা রয়েছেন মাঠে।

প্রধানমন্ত্রীর এই সফরকে স্মরণীয় করে রাখতে নগরজুড়ে নেওয়া হয়েছে বর্ণাঢ্য প্রস্তুতি। রূপসার কুদির বটতলা থেকে শুরু করে স্টেডিয়াম পর্যন্ত পুরো পথজুড়ে সর্বস্তরের সাধারণ মানুষ জড়ো হবেন বলে জানা গেছে। ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় প্রিয় নেতাকে বরণ করে নিতে প্রস্তুত খুলনাবাসী।  

এছাড়া নগরীর বিভিন্ন দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ এবং সমৃদ্ধ মোংলা বন্দরের নান্দনিক দৃশ্য। সেই সঙ্গে এ অঞ্চলের খ্যাতিমান বিজ্ঞানী, গুণী শিল্পী এবং সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্যের বাহারি গ্রাফিতি সামহানগরীর বিভিন্ন দেয়ালে মুগ্ধতা ছড়াচ্ছে। 

এদিকে বুধবার (৪ নভেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত প্রেসব্রিফিংয়ে কথা বলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন কুঁড়ির এই আয়োজনের মধ্য দিয়ে আগামী দিনে তরুণদের ক্রীড়াক্ষেত্রকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ তৈরি হবে। আমাদের যুবসমাজকে যদি সঠিক পথে পরিচালিত করা যায়, তবে তারা বিশ্বমঞ্চে বাংলাদেশকে নতুন করে তুলে ধরতে পারবে।

রকিবুল ইসলাম আরও বলেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীর প্রথম খুলনা সফরকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষের মাঝে এক অভাবনীয় উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। আশা করা যায়, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে সারা দেশের মতো খুলনায়ও উন্নয়নের নতুন জোয়ার শুরু হবে। তিনি ইতোমধ্যে বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানাগুলো পুনরায় চালু করে হাজারো শ্রমিকের কর্মসংস্থানের সুব্যবস্থা করে দিয়েছেন।

একই সঙ্গে খুলনাঞ্চলে শিল্পায়নের প্রসার এবং গ্যাস ও বিদ্যুৎ খাতের সার্বিক উন্নয়নে তিনি কার্যকরী পদক্ষেপ নিয়েছেন। মোংলা বন্দরের অগ্রগতির সঙ্গে খুলনা অঞ্চলের সার্বিক উন্নয়ন গভীরভাবে জড়িত উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বন্দরটির আধুনিকায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন। অতীতে খুলনা যেভাবে ‘স্পোর্টস সিটি’ হিসেবে দেশজুড়ে পরিচিত ছিল, সেই পুরোনো গৌরব ও ঐতিহ্য আমাদের আবারও ফিরিয়ে আনতে হবে।

প্রেস ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আলম খান জানান, ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে প্রায় ১৬ লাখ ২৩ হাজার অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। যেখানে প্রথম আসরে রেজিস্ট্রেশনের সংখ্যা ছিলো মাত্র এক লাখ ৬৮ হাজার। এবারের আসরে ১০টি ইভেন্ট থাকছে।

তিনি আরও জানান, সরকার স্কুল-কলেজের মাঠ ছাড়াও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে। এবছরই এক হাজার ইউনিয়নে এটি বাস্তবায়নের চেষ্টা করা হবে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়ন কাজ চলমান অর্থবছরে শুরুর বিষয়ে তিনি আশা ব্যক্ত করেন। এছাড়া খুলনা জেলা স্টেডিয়ামের অবশিষ্ট অংশে গ্যালারি স্থাপনের উদ্যোগ নেয়া হবে।

প্রেসব্রিফিং এ খুলনা বিভাগীয় কমিশনার মো.আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, কেডিএ’র চেয়ারম্যান এস এম শফিকুল আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আলম খান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, কেডিএ’র চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে খুলনার মানুষের প্রত্যাশা অনেক। নগরীর অবকাঠামোগত উন্নয়ন, ক্রীড়াঙ্গনের বিকাশ ও নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে-এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

novelonlite28
umchltd