কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচজন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসোর্টটিতে আগুন লাগে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে ১০টি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রিসোর্টটিতে মোট ১৭ জন পর্যটক ছিলেন। নিহত ব্যক্তিরা পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, অনেকে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কতজন পর্যটক মারা গেছেন, তা জানতে কিছুটা সময় লাগবে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টা থেকে তিনটি ইউনিট কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর রিসোর্টটিতে উদ্ধার অভিযান শুরু হয়।
অগ্নিকাণ্ডে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে আর কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা।
এদিকে, আগুন লাগার পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
আরও পড়ুন:









