ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ 

রাশিয়ার দখলে থাকা ওলেশকি থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫১, ৩১ অক্টোবর ২০২৬

শেয়ার

রাশিয়ার দখলে থাকা ওলেশকি থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ইউক্রেন

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের ওলেশকি শহর থেকে কয়েকজন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় যুদ্ধবিরতির চতুর্থ দিনে শুক্রবার (৩০ অক্টোবর) এ মানবিক অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন ইউক্রেনের আইনপ্রণেতা ও আলোচক ডেভিড আরাখামিয়া।

তিনি জানান, ওলেশকি থেকে সরিয়ে নেওয়া বাসিন্দাদের নিয়ে ইউক্রেনীয় প্রতিনিধিদল আনাপার উদ্দেশে রওনা হয়েছে। সেখান থেকে তাদের বেলারুশে নেওয়া হবে এবং পরে বাসে করে নিজ দেশে ফিরিয়ে আনা হবে।

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) ২৫টি বাস ও কয়েকটি অ্যাম্বুলেন্সের একটি বহর শহরটিতে পৌঁছায়। বহরটি বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ সরবরাহ করে। পাশাপাশি যারা শহর ছেড়ে যেতে চান, তাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান কিরিলো বুদানভ অনলাইনে দেওয়া এক পোস্টে বলেন, ওলেশকিতে মানবিক অভিযান চলছে। তবে তিনি শহরটিতে অবস্থানরত ইউক্রেনীয় প্রতিনিধিদলের সদস্য নন।

এদিকে রাশিয়ার মানবাধিকারবিষয়ক ন্যায়পাল ইয়ানা লানত্রাতোভাও মানবিক অভিযান শেষ হওয়ার কথা জানিয়েছেন। টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, রাশিয়ার ভূখণ্ডে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নিয়ে একটি বহর রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছে।

চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তাদের এই যৌথ মানবিক উদ্যোগকে বিরল সহযোগিতার ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবকদের তথ্য অনুযায়ী, ওলেশকি শহরে এখনো প্রায় ২ হাজার মানুষ অবস্থান করছেন।

খেরসন অঞ্চলে ঘোষিত স্থানীয় যুদ্ধবিরতি রোববার সন্ধ্যা পর্যন্ত কার্যকর থাকার কথা রয়েছে।

সূত্র: ইউরো নিউজ

novelonlite28
umchltd