ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ 

ন্যূনতম মজুরির দাবি

সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৯, ১৯ নভেম্বর ২০২৬

শেয়ার

সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ ৩ দফা দাবিতে আশুলিয়ার একটি কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অরনিমা নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সকালে কাজে যোগ দিতে কারখানায় প্রবেশ করেন। পরে তারা সেখানে কর্মবিরতি শুরু করেন। এ সময় পুলিশ শ্রমিকদের কারখানা থেকে বের হয়ে যেতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশের ধাওয়ায় শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আশুলিয়ার পুকুরপাড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ২৮টি কারখানা বন্ধ রয়েছে এবং ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৯টি কারখানার শ্রমিকেরা কাজে উপস্থিত হলেও উৎপাদনে অংশ নেননি।

novelonlite28
umchltd