জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার জরুরি বলে মনে করেন সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, নিরাপত্তা পরিষদ সংস্কার প্রক্রিয়ায় সদস্য রাষ্ট্রগুলোও সম্মত হয়েছে। তবে কীভাবে সংস্কার করা যায় সেই পথ খুঁজে বের করার চেষ্টা করছেন বলেও জানান তিনি।
এছাড়াও তার মতে, জাতিসংঘকে ভেঙে দিলে আবারও নতুন করে একই ধরনের সংস্থা গড়ে তুলতে হবে। তাই সংস্থাটির কার্যকারিতা বাড়ানো এবং মানুষের আস্থা পুনর্গঠনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ৩১-এর ফাঁকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের সাক্ষাৎকার অনুষ্ঠান ‘ওয়ান অন ওয়ান’-এ এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা, সংস্থাটির সংস্কার, সদস্যরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা, আন্তর্জাতিক আইন এবং নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন খলিলুর রহমান।
সাক্ষাৎকারে উপস্থাপক প্রশ্ন করেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা ও গণহত্যাসহ বিভিন্ন ইস্যুতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা বারবার ভেটো ক্ষমতা প্রয়োগ করে আগ্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আটকে দিয়েছেন। অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ মতামতও উপেক্ষিত হয়েছে।
এমন পরিস্থিতিতে জাতিসংঘের প্রাসঙ্গিকতা নিয়ে বিশ্বজুড়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে। জাতিসংঘ কি এখনো কার্যকর কোনো প্রতিষ্ঠান?
জবাবে খলিলুর রহমান বলেন, ‘জাতিসংঘ সনদ অনুযায়ী, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব নিরাপত্তা পরিষদের। তবে এর অর্থ এই নয় যে, সাধারণ পরিষদ শান্তি ও নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করতে পারবে না। কিন্তু এ ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়ার দায়িত্ব নিরাপত্তা পরিষদের। এমন নয় যে সাধারণ পরিষদ কোনো বিষয়ে আলোচনা করলেই নিরাপত্তা পরিষদ তা বাতিল করে দেয়। নিরাপত্তা পরিষদের নিজস্ব কার্যসূচি রয়েছে। আমরা দেখেছি, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এর ফলে বিভিন্ন সংঘাত অব্যাহত রয়েছে।’
ভেটো ক্ষমতার বিষয়ে তিনি বলেন, ‘নিরাপত্তা পরিষদের কোনো সদস্য ভেটো ক্ষমতা প্রয়োগ করলে বিষয়টি সাধারণ পরিষদে আলোচনা করা হয়। চলতি বছর এ ধরনের দুটি আলোচনা আমি ইতোমধ্যে আয়োজন করেছি। এর মূল উদ্দেশ্য নিরাপত্তা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা। জাতিসংঘ সনদের প্রণেতারা যেভাবে প্রত্যাশা করেছিলেন, নিরাপত্তা পরিষদকে সেভাবেই তার দায়িত্ব পালন করতে হবে। এ জন্য আমি পরিষদকে বারবার তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে আসছি। সাধারণ পরিষদের উদ্বোধনী বক্তব্যেও বলেছি, নিরাপত্তা পরিষদ যখন কার্যকর ভূমিকা রাখে, তখন জাতিসংঘকেই কার্যকর হিসেবে দেখা যায়।’
এরপর জাতিসংঘের সংস্কার প্রসঙ্গে খলিলুর রহমানেরে বক্তব্যের প্রসঙ্গ টেনে উপস্থাপক বলেন, আপনি বলেছেন বিশ্ব এখন আর ১৯৪৫ সালের অবস্থানে নেই। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও বারবার বলেছেন, বিশ্ব কেবল পাঁচটি দেশের নয়।
এ অবস্থায় নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা বাড়ানো কিংবা এর কাঠামো পুরোপুরি পরিবর্তন করা উচিত কি না, তা জানতে চান উপস্থাপক।
জবাবে খলিলুর রহমান বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আমি বর্তমানে নিরাপত্তা পরিষদ সংস্কারবিষয়ক আন্তসরকার আলোচনা তদারক করছি। এ আলোচনার সহসভাপতিদের আমি সম্প্রতি পুনর্নিয়োগ করেছি। প্রকৃতপক্ষে বিশ্ব এখন আর ১৯৪৫ সালের অবস্থানে নেই। আমি প্রায়ই এ কথা বলে থাকি। আজ প্রেসিডেন্ট এরদোয়ানও একই বিষয় তুলে ধরেছেন। নিরাপত্তা পরিষদ সংস্কারের বিষয়টি জাতিসংঘ প্রতিষ্ঠার প্রায় সমসাময়িক সময় থেকেই আলোচনায় রয়েছে। তবে এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আফ্রিকা মহাদেশের প্রতি দীর্ঘদিনের ঐতিহাসিক অবিচারের অবসান ঘটানো।’
তিনি আরও বলেন, ‘আফ্রিকাকে আলোচনার টেবিলে না রেখেই নিরাপত্তা পরিষদ মহাদেশটির শান্তি ও নিরাপত্তা নিয়ে বহু সিদ্ধান্ত নিয়েছে। আমি বলেছি, আফ্রিকাকে সিদ্ধান্ত গ্রহণের টেবিলে থাকতে হবে, আলোচনার বিষয়বস্তু হয়ে থাকলে চলবে না। নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে আমি বিভিন্ন দেশের জোটের সঙ্গে কাজ করছি। আশা করছি, আমার সভাপতির মেয়াদ শেষ হওয়ার আগেই এ বিষয়ে কিছু অগ্রগতি অর্জন করতে পারব। এ জন্য নিরাপত্তা পরিষদের সদস্যদের, বিশেষ করে স্থায়ী সদস্যদের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করছি।’
নিরাপত্তা পরিষদের কাঠামো পরিবর্তনের সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, ‘পরিষদের সদস্যসংখ্যা বা গঠনে যেকোনো পরিবর্তনের জন্য জাতিসংঘ সনদ সংশোধন করতে হবে। আর এর জন্য নিরাপত্তা পরিষদের সম্মতি প্রয়োজন, যার মধ্যে স্থায়ী সদস্যদের সম্মতিও রয়েছে। তাই তাদের সঙ্গেও আমি কাজ করছি। তবে বিষয়টি স্পষ্ট করতে চাই, এই পরিবর্তন ধাপে ধাপে হবে। বর্তমানে যেসব অঞ্চল বা মহাদেশের প্রতিনিধিত্ব নেই, সেগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টি আমরা বিবেচনা করছি। এ ক্ষেত্রে আফ্রিকার প্রতিনিধিত্বের ঘাটতিই সবচেয়ে স্পষ্ট।’
এরপর উপস্থাপক প্রশ্ন করেন, নিরাপত্তা পরিষদের কাঠামো পরিবর্তনের জন্য যদি সেই পরিষদেরই অনুমোদন প্রয়োজন হয়, তাহলে নিজেদের একচেটিয়া ক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে—এমন কোনো সংস্কারে স্থায়ী সদস্যরা কেন সম্মতি দেবে?
জবাবে খলিলুর রহমান বলেন, ‘নিরাপত্তা পরিষদের সদস্যরা সাধারণ পরিষদের অন্য সদস্যদের থেকে আলাদা নন। তারাও সাধারণ পরিষদের সদস্য। নিরাপত্তা পরিষদ সংস্কারের প্রক্রিয়ায় সবাই সম্মত হয়েছে। বিশ্ব যে পরিবর্তিত হয়েছে, তা সবাই স্বীকার করে। এখন প্রশ্ন হলো, কীভাবে এমনভাবে সংস্কার করা যায়, যাতে সবাই তাতে সম্মত হয়। আমি সেই পথ খুঁজে বের করার চেষ্টা করছি।’
জাতিসংঘ সনদ লঙ্ঘনের দায়ে কোনো সদস্যরাষ্ট্রকে শাস্তি দেওয়া বা সংস্থা থেকে বহিষ্কার করার ক্ষমতা সাধারণ পরিষদের আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতিসংঘ সনদে কোনো সদস্যরাষ্ট্রকে বহিষ্কারের বিধান রয়েছে। তবে এখন পর্যন্ত এমন বহিষ্কারের ঘটনা দেখা যায়নি। আমার মনে পড়ে, একমাত্র চীনের ক্ষেত্রে এমন একটি ঘটনা ঘটেছিল। সে সময় তাইওয়ানের পরিবর্তে চীনকে জাতিসংঘে চীনের আসন দেওয়া হয়।’
আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালত রয়েছে, যা জাতিসংঘেরই একটি অংশ। বিভিন্ন বিষয়ে আদালত রায় দিয়েছেন এবং এখনো দিচ্ছেন। উদাহরণ হিসেবে বলা যায়, আগামী ১৯ নভেম্বর রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার রায় দেবেন আদালত। কোনো রাষ্ট্রের আচরণ নিয়ে আদালতে অভিযোগ উত্থাপিত হলে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার আইনি মূল্যায়ন করা হয়। সুতরাং, এ ধরনের আইনি রায় দেওয়ার ব্যবস্থা জাতিসংঘের কাঠামোর মধ্যেই রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত জাতিসংঘের অবিচ্ছেদ্য অংশ।’
এরপর উপস্থাপক বলেন, বিশ্বে নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে বলে আলোচনা চলছে। এখন কি পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে শক্তিশালী রাষ্ট্রের ইচ্ছাই শেষ কথা হয়ে উঠছে? সামরিক ও অর্থনৈতিক শক্তির ভিত্তিতেই কি আন্তর্জাতিক সিদ্ধান্ত নির্ধারিত হচ্ছে? এমন পরিস্থিতিতে জাতিসংঘের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা আদৌ সম্ভব কি না, তা জানতে চান তিনি।
জবাবে খলিলুর রহমান বলেন, প্রায়ই বলা হয়, আজ যদি জাতিসংঘকে বিলুপ্ত করে দেওয়া হয়, তাহলে আগামীকাল আবারও একই ধরনের একটি সংস্থা গড়ে তুলতে হবে। এর কোনো বিকল্প নেই। সাম্প্রতিক জরিপগুলোতেও দেখা গেছে, বিশ্বের অধিকাংশ মানুষ, বিশেষ করে তরুণেরা এখনো ভালো কিছু করার ক্ষেত্রে জাতিসংঘের ওপর আস্থা রাখেন।’
তিনি বলেন, ‘আজ আমরা আনতালিয়ায় জলবায়ু পরিবর্তন নিয়ে যে প্রক্রিয়ায় অংশ নিচ্ছি, সেটিও জাতিসংঘের উদ্যোগ। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া এবং এ-সংক্রান্ত অর্থায়ন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে আমরা বিভিন্ন পক্ষকে এক জায়গায় আনার চেষ্টা করছি। জাতিসংঘই একমাত্র আন্তর্জাতিক ফোরাম, যেখানে এ ধরনের উদ্যোগ নেওয়া সম্ভব। তাই আমি বলি, জাতিসংঘকে বিলুপ্ত করলে আবারও নতুন করে এটি গড়ে তুলতে হবে। মূল প্রশ্ন হলো, কীভাবে এর কার্যকারিতা বাড়ানো যায়।’
নিজের দায়িত্ব ও অগ্রাধিকার তুলে ধরে সাধারণ পরিষদের সভাপতি বলেন, ‘সাধারণ পরিষদে আমার কাজের মূল লক্ষ্যও এটিই। আমার মূলমন্ত্র হলো—আস্থা পুনর্গঠন এবং রূপান্তর ব্যবস্থাপনার মাধ্যমে এমন একটি জাতিসংঘ গড়ে তোলা, যা সবার জন্য কার্যকর ভূমিকা রাখবে। জাতিসংঘ মাঠপর্যায়ে কতটা কাজ করে, সেই বিষয়টি প্রায়ই আমাদের নজর এড়িয়ে যায়।’
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমি একসময় রোহিঙ্গা শরণার্থীবিষয়ক বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছি। ওই সময়ে বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গে কাজ করেছি। তখন আমাদের তীব্র অর্থসংকট ছিল। তা সত্ত্বেও কান্ট্রি টিম দ্রুত নতুন উদ্যোগ নেয়। জাতীয় প্রতিষ্ঠান, দেশের জনবল এবং এমনকি শরণার্থী শিবিরের মানুষদেরও কাজে যুক্ত করা হয়, যাতে সেবা কার্যক্রম অব্যাহত রাখা যায়। কিছু ক্ষেত্রে সেবার মানও উন্নত হয়েছিল।’
জাতিসংঘের মাঠপর্যায়ের কার্যক্রমের উদাহরণ দিয়ে তিনি আরও বলেন, ‘আমি সম্প্রতি কঙ্গো সফর করেছি। সেখানে দেশটির নেতৃত্ব, জাতিসংঘের কর্মকর্তাদের পাশাপাশি প্রধান দাতাদের সঙ্গেও কথা বলেছি। তারা সবাই একমত হয়েছেন যে, কঙ্গোতে জাতিসংঘের কান্ট্রি টিম অত্যন্ত কার্যকরভাবে কাজ করছে। আপনি যদি নিরাপত্তা পরিষদের দিকে তাকান, তাহলে জাতিসংঘের কার্যক্রমের একটি দিক দেখতে পাবেন। কিন্তু দেশগুলোর অভ্যন্তরে জাতিসংঘের অবদান বিবেচনা করলে সম্পূর্ণ ভিন্ন চিত্র পাওয়া যাবে। এ কারণেই আমি বলি, দেশগুলোর মাঠপর্যায়ে জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখছে। আমার সভাপতির মেয়াদে আমি জাতিসংঘের মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার বিষয়টিতে আরও বেশি গুরুত্ব দিতে চাই। কারণ মানুষের কল্যাণই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
সাক্ষাৎকারের শেষ দিকে জাতিসংঘের বর্তমান মহাসচিবের মেয়াদ শেষ হওয়ার পর নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে জানতে চান উপস্থাপক।
জবাবে খলিলুর রহমান বলেন, ‘জাতিসংঘ সনদে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ করে। নিরাপত্তা পরিষদ যখন কোনো প্রার্থীর নাম সুপারিশ করবে, তখন সাধারণ পরিষদ নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবে। অতীতে নয়বার এ ধরনের নিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের সুপারিশ সাধারণ পরিষদ গ্রহণ করেছে।’
নতুন মহাসচিব নিয়োগের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘এবার এ পদের জন্য বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমার দায়িত্ব ছিল প্রথমে তাদের প্রার্থিতা ঘোষণা করা, সাধারণ পরিষদের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং সদস্যদের সঙ্গে তাদের সরাসরি মতবিনিময়ের আয়োজন করা। আমি সেই কাজগুলো সম্পন্ন করেছি। এখন নিরাপত্তা পরিষদ আগামী ছয় সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে, যাতে ১ জানুয়ারি থেকে নতুন মহাসচিব দায়িত্ব নিতে পারেন। অতীতে অন্তত তিনবার ডিসেম্বর মাসেই মহাসচিব নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমি সদস্যরাষ্ট্রগুলোকে প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার আহ্বান জানাচ্ছি, যাতে যত দ্রুত সম্ভব নতুন মহাসচিব নিয়োগ দেওয়া যায়।’
আরও পড়ুন:









