ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ 

বিনোদপুরে চেয়ারম্যান প্রার্থী সাউথ উদ্দীনের উন্নয়নের অঙ্গীকার

নোমান মুন্না জয়

প্রকাশিত: ১৪:৪৬, ৩ নভেম্বর ২০২৬

শেয়ার

বিনোদপুরে চেয়ারম্যান প্রার্থী সাউথ উদ্দীনের উন্নয়নের অঙ্গীকার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৮ নম্বর বিনোদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে উঠান বৈঠক ও মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ফার্মাসিস্ট মো. সাউথ উদ্দীন। সম্প্রতি আয়োজিত এ বৈঠকে তিনি স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরে ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিজের পরিকল্পনার কথা জানান।

সাউথ উদ্দীন বলেন, ভাঙা রাস্তা, জলাবদ্ধতা, বেকারত্ব ও নাগরিক সুযোগ-সুবিধার ঘাটতি ইউনিয়নের অন্যতম সমস্যা। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানের পাশাপাশি একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন তিনি।

সাউথ উদ্দীনের ঘোষিত পরিকল্পনার মধ্যে রয়েছে, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, স্থানীয় হাটের অবকাঠামো উন্নয়ন, গুরুত্বপূর্ণ সড়কে সৌরবিদ্যুৎচালিত বাতি স্থাপন এবং ভাঙা রাস্তা সংস্কার। পাশাপাশি প্রতি তিন মাসে পাঁচ দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প আয়োজনের কথাও জানিয়েছেন তিনি।

শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়ে সাউথ উদ্দীন বলেন, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া এবং উচ্চশিক্ষায় আগ্রহীদের সহযোগিতা করা হবে। বেকার তরুণদের দক্ষতা উন্নয়নে ইউনিয়নে একটি মিনি আইটি সেন্টার স্থাপন, খেলাধুলার প্রসার এবং মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম চালুর পরিকল্পনাও রয়েছে তাঁর। এ ছাড়া বন্ধ হয়ে যাওয়া মক্তব কার্যক্রম পুনরায় চালু করার কথা জানান তিনি।

স্থানীয় বিরোধ নিষ্পত্তি ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আনতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে পরামর্শক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন এই প্রার্থী। ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর জনসমক্ষে প্রকাশ এবং সরকারি অর্থের ব্যবহারে অনিয়ম বন্ধের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি ২০২৭ থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

novelonlite28
umchltd