ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ 

মানবাধিকারকর্মী ইদ্রিস খট্টকের মুক্তি দাবি আন্তর্জাতিক সংগঠনগুলোর

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩২, ১৫ নভেম্বর ২০২৬

শেয়ার

মানবাধিকারকর্মী ইদ্রিস খট্টকের মুক্তি দাবি আন্তর্জাতিক সংগঠনগুলোর

পাকিস্তানে সাত বছর ধরে আটক থাকা বিশিষ্ট পশতুন মানবাধিকারকর্মী ইদ্রিস খট্টকের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। একই সঙ্গে তার মুক্তি নিশ্চিত করতে পাকিস্তান সরকারের ওপর চাপ প্রয়োগের জন্য গণতান্ত্রিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।

ইদ্রিস খট্টকের আটকের সাত বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, খট্টক দীর্ঘ কয়েক দশক ধরে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং সাবেক ফেডারেলি অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়াসে (ফাটা) মানবাধিকার লঙ্ঘন, বিশেষ করে গুমের ঘটনা নথিবদ্ধ করে আসছিলেন।

২০১৯ সালের ১৩ নভেম্বর তাকে অপহরণ করে গুম করা হয়। পরবর্তী সাত মাস তার পরিবার জানত না তিনি জীবিত আছেন, নাকি মারা গেছেন। ২০২০ সালের জুনে পাকিস্তানি কর্তৃপক্ষ স্বীকার করে, দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছেন খট্টক।

২০২১ সালের শেষ দিকে কুখ্যাত অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে সামরিক আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের কারাদণ্ড দেন। জাতিসংঘের বিশেষজ্ঞরা আইনটিকে মানবাধিকারকর্মীদের ভিন্নমত দমনের আরেকটি হাতিয়ার হিসেবে বর্ণনা করেছেন।

যৌথ বিবৃতিতে বলা হয়, খট্টকের বিচারপ্রক্রিয়ায় গুরুতর আইনি অনিয়ম ছিল। গোপনে বিচার পরিচালনা করা হয়, আইনজীবীর সহায়তা থেকে তাকে বঞ্চিত করা হয় এবং জোরপূর্বক আদায় করা স্বীকারোক্তি প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়। এমনকি প্রসিকিউশন গোপন যেসব প্রমাণ উপস্থাপন করে, সেগুলো প্রতিরক্ষাপক্ষকে দেখানো হয়নি। গুরুত্বপূর্ণ সাক্ষীদেরও আদালতে হাজির করার সুযোগ পাননি তিনি।

খট্টকের আটক ও দণ্ডাদেশের নিন্দা জানিয়েছে জাতিসংঘের বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থা। জাতিসংঘের বিশেষজ্ঞরা তার দণ্ডাদেশকে পাকিস্তানের মানবাধিকারকর্মী সম্প্রদায়ের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, সমালোচনামূলক কণ্ঠস্বর ও অধিকারকর্মীদের দমনে সামরিক বিচারব্যবস্থাকে ব্যবহার করার একটি দৃষ্টান্ত তার মামলা।

এ ছাড়া জাতিসংঘের নির্বিচার আটকবিষয়ক ওয়ার্কিং গ্রুপের সিদ্ধান্তে বলা হয়, মানবাধিকারকর্মী হিসেবে কাজ করার কারণেই খট্টককে আটক করা হয়েছে। সংস্থাটি তার অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরাও বিভিন্ন সময়ে তার বিষয়টি উত্থাপন করেছেন।

বিবৃতিতে খট্টকের শারীরিক অবস্থা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার যথাযথ চিকিৎসা না পাওয়ায় কারাগারে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি হয়েছে বলে দাবি করা হয়।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে হার্ভার্ডে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ড. মিশেল হেইসলার তার চিকিৎসাসংক্রান্ত নথি পর্যালোচনা করে একটি স্বাধীন চিকিৎসা মূল্যায়ন করেন। এতে তিনি সতর্ক করে বলেন, কারাগারে বর্তমান পরিস্থিতি, ওষুধ ও চিকিৎসাসেবায় সীমিত প্রবেশাধিকারের কারণে খট্টকের স্বাস্থ্য এমনকি জীবনও গুরুতর ঝুঁকিতে রয়েছে।

২০২৬ সালের এপ্রিলে জাতিসংঘের বিশেষজ্ঞরাও কারাগারে তার স্বাস্থ্যের অবনতিকে জীবনহানির আশঙ্কাসংবলিত গুরুতর পরিস্থিতি হিসেবে উল্লেখ করেন। তাদের ভাষ্য অনুযায়ী, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের গুরুতর উপসর্গ ইতোমধ্যে তার মধ্যে দেখা দিয়েছে। এরপরও পাকিস্তানি কর্তৃপক্ষ তাকে স্বাধীন চিকিৎসা পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।

বিবৃতিতে পাকিস্তান সরকারের প্রতি ইদ্রিস খট্টককে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মানবাধিকার রক্ষার শর্ত পূরণ না করা পর্যন্ত পাকিস্তানকে ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস বাণিজ্য সুবিধার মতো বিশেষ সুযোগ থেকে বঞ্চিত রাখার দাবি জানানো হয়েছে। মানবাধিকারকর্মীদের আটক রাখার মতো কর্মকাণ্ড বন্ধ না করলে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।

novelonlite28
umchltd