সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে চলমান সংঘাত বন্ধে আলোচনা শুরুর জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল ইরান। তবে এ প্রস্তাবে সৌদি আরব কিংবা হুতিদের কাছ থেকে কোনো জবাব পায়নি তেহরান। মঙ্গলবার (২০ অক্টোবর) এক টেলিভিশন সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খবর রয়টার্সের।
চলতি মাসের শুরুতে ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবে হামলা জোরদার করলে দুপক্ষের মধ্যে সংলাপের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেন আরাগচি।
ইরাকের আল ইখবারিয়া টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি আরবের সঙ্গে যুদ্ধে মিশরের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
আরাগচি বলেন, বিদেশি যে কোনো ধরনের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। ইয়েমেন সংঘাতে সরাসরি হস্তক্ষেপ করবে না বলে মিশর আগে তেহরানকে জানিয়েছিল।
এদিকে মিশর জানিয়েছে, নিজেদের নিরাপত্তা রক্ষায় সৌদি আরবের প্রয়োজনীয় সহায়তা দিতে তারা প্রস্তুত। দেশটির এমন অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।
হুতিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়ে মিশরের পার্লামেন্টে একটি ভোট হওয়ার কথা ছিল। তবে আরব বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক বাহিনীর এই পদক্ষেপের বিষয়ে ভোটাভুটি পিছিয়ে ২৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
সূত্র : রয়টার্স
আরও পড়ুন:









