ভারতে সৌরবিদ্যুৎ উৎপাদন শুধু দ্রুত বাড়ছেই না, পাশাপাশি সৌর প্যানেল, সেল ও ওয়েফার তৈরির শিল্পেও বড় ধরনের বিনিয়োগ হচ্ছে। গত ১৮ মাসে দেশটির সৌর উৎপাদন খাতে প্রায় ১৬ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে, যা ভারতের নবায়নযোগ্য জ্বালানি শিল্পে দ্রুত সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার গবেষণা ও বিশ্লেষণ প্রতিষ্ঠান রোডিয়াম গ্রুপের ‘ক্লিন ইনভেস্টমেন্ট মনিটর’ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ভারতে সৌর উৎপাদন খাতে বিনিয়োগ ছিল মাত্র ৮৫ মিলিয়ন ডলার। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ১২ বিলিয়ন ডলারে। এরপর ২০২৬ সালের প্রথম ছয় মাসেই আরও ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে।
শুধু বাস্তবায়িত বিনিয়োগ নয়, ঘোষিত বিনিয়োগের পরিমাণও উল্লেখযোগ্য। ২০২৫ সালে ভারতে সৌর উৎপাদন খাতে ১৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা করা হয়। ২০২৬ সালের প্রথমার্ধে আরও ৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা এসেছে।
২০১৪ সালে ভারতে সৌর মডিউল উৎপাদন সক্ষমতা ছিল প্রায় ২ দশমিক ৫ গিগাওয়াট। তখন দেশে সৌর সেল উৎপাদনের কোনো সক্ষমতাই ছিল না। বর্তমানে রোডিয়াম গ্রুপের হিসাবে ভারতের মডিউল উৎপাদন সক্ষমতা বেড়ে হয়েছে ২৪২ দশমিক ৭ গিগাওয়াট, সেল ৪০ দশমিক ৫ গিগাওয়াট এবং ওয়েফার ২ দশমিক ৫ গিগাওয়াট।
তবে মডিউল ও সেল উৎপাদন সক্ষমতার মধ্যে বড় ব্যবধান রয়েছে। নতুন করে প্রায় ৪০ গিগাওয়াট সেল উৎপাদন সক্ষমতা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রায় অর্ধেক ২০২৬ সালেই চালু হওয়ার কথা। ফলে এ ব্যবধান ধীরে ধীরে কমে আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি আরও ২৪ গিগাওয়াট ওয়েফার উৎপাদন সক্ষমতার ঘোষণা এসেছে।
ভারতের সৌর উৎপাদন খাতের এই সম্প্রসারণের অন্যতম প্রধান কারণ সরকারের স্থানীয়ভাবে তৈরি সৌর মডিউল ও সেল ব্যবহারের বাধ্যবাধকতা। অনুমোদিত মডেল ও নির্মাতাদের তালিকা বা ‘অ্যাপ্রুভড লিস্ট অব মডেলস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স’ নীতির মাধ্যমে স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করা হচ্ছে।
সরকার ইতোমধ্যে প্রায় সব ধরনের সৌর প্রকল্পে এই নীতির আওতা বাড়িয়েছে। সীমিত কিছু ব্যতিক্রম রয়েছে, যার মধ্যে নির্দিষ্ট কিছু নেট-মিটারিং ও ওপেন-অ্যাক্সেস প্রকল্প রয়েছে। ওয়েফার উৎপাদনেও একই ধরনের নীতি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ভারতে বর্তমানে সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা প্রায় ১৬৮ গিগাওয়াট। দেশটির মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ১২ শতাংশ এখন সৌরবিদ্যুৎ থেকে আসে।
তবে ভারতীয় সৌর নির্মাতাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতি। ভারতীয় কিছু সৌর উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার হলেও সাম্প্রতিক দুটি মার্কিন পদক্ষেপের কারণে সেখানে রপ্তানি কার্যত কঠিন হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, ভারত, লাওস ও ইন্দোনেশিয়া থেকে আমদানি করা নির্দিষ্ট সৌরপণ্যের ওপর অ্যান্টি-ডাম্পিং ও কাউন্টারভেইলিং শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। ভারতের ক্ষেত্রে ডাম্পিং মার্জিন নির্ধারণ করা হয়েছে ১২৩ দশমিক ০৪ শতাংশ এবং ভর্তুকি সমন্বয়ের পর কাউন্টারভেইলিং শুল্কের চূড়ান্ত নগদ জমার হার ১০৭ দশমিক ১৭ শতাংশ।
তবে এই শুল্ক কার্যকর হওয়ার আগে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনকে নির্ধারণ করতে হবে যে এসব আমদানি মার্কিন স্থানীয় শিল্পের ‘ম্যাটেরিয়াল ইনজুরি’ বা উল্লেখযোগ্য ক্ষতি করেছে কি না। ক্ষতি প্রমাণিত না হলে জমা রাখা অর্থ ফেরত দেওয়ার বিধান রয়েছে।
এর পাশাপাশি যুক্তরাষ্ট্র ‘ট্রেড এক্সপ্যানশন অ্যাক্ট’-এর ২৩২ ধারার অধীনে সৌরপণ্য আমদানিতে আরও বিধিনিষেধ আরোপ করেছে। নির্দিষ্ট পলিসিলিকন ডেরিভেটিভের ওপর ১৫ শতাংশ শুল্ক এবং পলিসিলিকনের জন্য প্রতি কেজিতে ২১ ডলার, ইনগট ও ওয়েফারের জন্য প্রতি কেজিতে ১০০ ডলার, সৌর সেলের জন্য প্রতি ওয়াটে ০ দশমিক ২২ ডলার এবং মডিউলের জন্য প্রতি ওয়াটে ০ দশমিক ৩৮ ডলারের ন্যূনতম আমদানি মূল্য নির্ধারণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাজারে বাধার ফলে ভারতের সৌর নির্মাতাদের উৎপাদিত অতিরিক্ত পণ্য এখন মূলত দেশের অভ্যন্তরীণ বাজারেই বিক্রি করতে হবে। গত বছর ভারত থেকে যুক্তরাষ্ট্রে সৌর মডিউল ও সেল রপ্তানি করে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার আয় হয়েছিল। এটি ভারতের মোট উৎপাদিত মডিউল ও সেলের প্রায় ১৩ শতাংশের সমান।
তবে ভারতের দ্রুত সম্প্রসারিত অভ্যন্তরীণ সৌরবাজার এই বাড়তি সরবরাহের একটি বড় অংশ শোষণ করতে পারে বলে শিল্পসংশ্লিষ্টদের ধারণা। এতে নির্মাতাদের মুনাফার ওপর চাপ তৈরি হতে পারে, তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বড় ধরনের সংকটে পড়বে—এমন আশঙ্কা আপাতত দেখা যাচ্ছে না।
ভারতীয় কোম্পানিগুলোর জন্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের আরেকটি পথ হলো সেখানেই কারখানা স্থাপন করা। যুক্তরাষ্ট্র সৌর উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাচ্ছে। ভারতের ওয়্যারী ও ইনক্সের মতো কয়েকটি কোম্পানির ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে উপস্থিতি রয়েছে। প্রিমিয়ার এনার্জিসও যুক্তরাষ্ট্রে উৎপাদন কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে।
তবে বেশ কয়েকটি ভারতীয় সৌর উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে জানা গেছে, যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করা সহজ সিদ্ধান্ত নয়। ফলে এ মুহূর্তে সেখানে বড় পরিসরে বিনিয়োগে ভারতীয় কোম্পানিগুলোর আগ্রহ সীমিত।
এদিকে ইনগট ও ওয়েফার উৎপাদনে দ্রুত সক্ষমতা তৈরি করতে পারলে ভারতীয় কোম্পানিগুলোর জন্য যুক্তরাষ্ট্রের বাজারে নতুন সুযোগ তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রে চীনা উৎসের বাইরে তৈরি ওয়েফারের ঘাটতি রয়েছে। ফলে এই ঘাটতি পূরণে ভারতীয় নির্মাতারা সম্ভাব্য সরবরাহকারী হয়ে উঠতে পারে।
শিরডি সাই ইলেকট্রিক্যালসের সহযোগী প্রতিষ্ঠান ইন্দোসোল সোলার জানিয়েছে, তাদের ইনগট ও ওয়েফার উৎপাদন কারখানা শিগগিরই চালু হওয়ার কথা। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে এসব পণ্য রপ্তানির সম্ভাবনাও দেখছে।
সব মিলিয়ে, সরকারি নীতি, বিপুল বিনিয়োগ এবং দ্রুত বাড়তে থাকা উৎপাদন সক্ষমতার কারণে ভারতের সৌর উৎপাদন শিল্প একটি গুরুত্বপূর্ণ শিল্পখাতে পরিণত হচ্ছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বাধা রপ্তানি বাজারে চাপ তৈরি করলেও বড় অভ্যন্তরীণ বাজার এবং ওয়েফার-ইনগট উৎপাদনে নতুন সক্ষমতা ভারতীয় নির্মাতাদের জন্য বিকল্প সুযোগ তৈরি করতে পারে।
আরও পড়ুন:









