ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ 

ইউপি নির্বাচন নিয়ে দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৮, ২৩ নভেম্বর ২০২৬

শেয়ার

ইউপি নির্বাচন নিয়ে দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি
ছবি: সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে এ সংলাপ অনুষ্ঠিত হতে পারে।

ইসির শীর্ষ কর্মকর্তারা জানান, আগামী ২৯ বা ৩০ নভেম্বর থেকে সংলাপ শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে নভেম্বরের শেষ দিনেও শুরু হতে পারে এ কার্যক্রম। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপসহ নির্বাচন-সংশ্লিষ্ট সব প্রস্তুতি সম্পন্ন করতে চায় কমিশন। এ সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সভা অনুষ্ঠিত হবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের নির্ধারিত তারিখের প্রায় ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের প্রথমার্ধে এ তফসিল ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, সেসব দলের সঙ্গে তিন দিনের এ সংলাপ অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে নিবন্ধন পাওয়া দলগুলোকেও আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।

তিনি বলেন, ইউপি নির্বাচনের জন্য কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ভোট হবে। এ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমান ভূমিকা প্রয়োজন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত রয়েছে কমিশনের। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে।

ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে ভোট হবে।

দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোট গ্রহণ করা হবে।

গত ১৬ নভেম্বর কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, ইউপি নির্বাচন শুরুর আগে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। নভেম্বরের শেষ ভাগ অথবা ডিসেম্বরের শুরুতে নিবন্ধনের ক্রমিক অনুযায়ী দলগুলোকে তিন দিনে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন।

novelonlite28
umchltd