ইসলামি আলোচক ও সংগীতশিল্পী জুবায়ের আহমাদ তাশরীফ জানিয়েছেন, বাবার সঙ্গে পারিবারিক বিরোধ মিটিয়ে নিতে চান তারা। বাবা স্বেচ্ছায় তার কাছে এসেছেন এবং তিনিও বাবার কাছে ক্ষমা চেয়েছেন। অতীতের রাগ-অভিমান ভুলে একসঙ্গে সুন্দরভাবে থাকতে চান বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক দীর্ঘ ভিডিওবার্তায় এসব কথা বলেন তাশরীফ।
ভিডিওবার্তায় তাশরীফ বলেন, ‘পরিবারে কখনো রাগ-অভিমান, কখনো আদর-ভালোবাসা, এসব হয়েই থাকে। আমরা সেগুলো পারিবারিকভাবেই সমাধান করতে চাই সবসময়। আমার বাবা আজকে স্বেচ্ছায় এসেছেন আমার কাছে। আমি আমার বাবার কাছে ক্ষমা চেয়েছি, আশা করি তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমরা পরস্পর মিলে থাকতে চাই। আশা করি, এসব নিয়ে আর কেউ প্রোপাগান্ডা ছড়াবেন না।’
তিনি বলেন, বাবার প্রতি তার কোনো অভিযোগ নেই। বাবারও তার প্রতি কোনো অভিযোগ থাকবে না বলে আশা করেন তিনি। অতীতের ঘটনা পেছনে ফেলে সামনের জীবন সুন্দর করতে চান তারা। দেশের মানুষের সামনে নিজেদের সুন্দর সম্পর্ক তুলে ধরার প্রত্যাশাও ব্যক্ত করেন তাশরীফ।
বাবা-মায়ের সেবা করাকে সন্তানের দায়িত্ব উল্লেখ করে তাশরীফ বলেন, আল্লাহর ইবাদতের পর পিতা-মাতার খেদমত করা সন্তানের দায়িত্ব। আর্থিক, শারীরিক ও সামাজিকভাবে যেভাবেই সম্ভব, তিনি বাবা-মায়ের সেবা করতে চান। তবে তাদের ঘরের আশপাশে থাকা কিছু শত্রু তাদের একসঙ্গে মিলেমিশে থাকতে দিতে চায় না বলেও অভিযোগ করেন তিনি।
গত কোরবানির ঈদের সময় পারিবারিক বিরোধ ও মনোমালিন্যের জন্য দুঃখপ্রকাশ করেন তাশরীফ।
তিনি জানান, এখন থেকে মাস বা নির্দিষ্ট অঙ্কের হিসাব করে নয়, যখন যে পরিমাণ টাকা প্রয়োজন হবে, বাবাকে তা দিতে চান।
প্রয়োজন ১০ হাজার টাকা হোক কিংবা ১০ লাখ টাকা, বাবাকে সহযোগিতা করতে চান তিনি।
তাশরীফ আরও বলেন, বাবার জন্য নির্দিষ্ট মাস বা টাকার পরিমাণ বেঁধে দেওয়া উচিত নয়। প্রকৃত সন্তানের আচরণ এমন হওয়া উচিত, প্রয়োজনে বাবার জন্য জীবনও দিতে হতে পারে।
আরও পড়ুন:









