ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ 

বুড়িমারী সীমান্তে স্থানীয়দের সঙ্গে বিএসএফ সদস্যদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৯, ২৪ অক্টোবর ২০২৬

শেয়ার

বুড়িমারী সীমান্তে স্থানীয়দের সঙ্গে বিএসএফ সদস্যদের সংঘর্ষ

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া ও মারধর করেন স্থানীয় বাংলাদেশিরা। অন্যদিকে, বাংলাদেশিদের প্রতিরোধের মুখে বিএসএফের গুলি ও বিস্ফোরক নিক্ষেপের অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তে বিএসএফ সদস্যরা সীমান্তের বাংলাদেশ অংশে প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা কৃষকদের মারধরের চেষ্টা করলে স্থানীয়রা একত্রিত হয়ে লাঠিসোঁটা নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে তারা বিএসএফ সদস্যদের ধাওয়া করেন এবং কয়েকজনকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পর বিএসএফের পক্ষ থেকে গুলি ও বিস্ফোরক নিক্ষেপ করা হয় বলে স্থানীয়দের অভিযোগ।

এর আগে গত ২০ অক্টোবর পাটগ্রামের তিনবিঘা করিডোর দিয়ে পারাপারের সময় এক বাংলাদেশি ভ্যানচালককে মারধরের অভিযোগ ওঠে বিএসএফের এক সদস্যের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরদিন ২১ অক্টোবর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে বিএসএফ সদস্যের এমন আচরণের প্রতিবাদ জানানো হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে ক্ষমা চান বিএসএফ সদস্যরা।

এর কয়েক দিনের ব্যবধানে আবারও বুড়িমারী সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটল। স্থানীয়দের অভিযোগ, বিএসএফ সদস্যরা বাংলাদেশ ভূখণ্ডের প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করে কৃষকদের মারধরের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনার তথ্য নিশ্চিত করেন ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহিনুল ইসলাম। তিনি বলেন, গত ২০ অক্টোবর তিনবিঘা করিডোর দিয়ে পারাপারের সময় বাংলাদেশি এক ভ্যানচালককে মারধরের ঘটনায় পতাকা বৈঠক হয়েছিল। ওই বৈঠকে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে দুঃখ প্রকাশ করেছিলেন বিএসএফ সদস্যরা।

তিনি আরও বলেন, শনিবার বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তে বিএসএফ ও বাংলাদেশি গ্রামবাসীদের মধ্যে সৃষ্ট ঘটনায় বিএসএফের আহ্বানে বিকেলেই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদপত্রও পাঠানো হয়েছে।

novelonlite28
umchltd