স্বরাষ্ট্রমন্ত্রী
আ.লীগের সহিংসতা মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের সহিংসতা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশের যেকোনো স্থানে অস্থিরতা সৃষ্টি বা নাশকতার চেষ্টা হলে তা নির্মূলে সরকার বদ্ধপরিকর।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত ও গুরুতর আহত হয়েছেন। কারো মাথায় আঘাত (হেড ইনজুরি) রয়েছে, আবার কারো হাড় ভেঙে গেছে (ফ্র্যাকচার)। ইতোমধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে বেশ কিছু সদস্যকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারি ও ধৈর্যের প্রশংসা করে মন্ত্রী বলেন, চাকরিতে নিয়োগের সময় সদস্যরা প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশে ও বিদেশে সর্বত্র প্রশংসিত হয়েছে।
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ শ্রমিক ভাই-বোনেরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং অত্যন্ত সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি ও সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াও করার অপচেষ্টাকারীরা দেশের দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল বা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে, যা কখনোই সফল হবে না।
সীমান্ত পরিস্থিতি ও প্রতিবেশী দেশের কতিপয় ব্যক্তির বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সীমান্তের ওপারে কে কী করছে তা দেখার বিষয় নয়, তবে দেশের অভ্যন্তরে বা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেয়া হবে না। এছাড়া, ভিনদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক, অপাঙ্ক্তেয় ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি উল্লেখ করেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।
