গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর শহিদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় ঐক্যের বিষয়ে গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিলেও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকারই ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ৭০ শতাংশ ভোটে বিজয়ী গণভোটের রায় সংসদীয় আসনের সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রত্যাখ্যান করা যায় না। জাতীয় ঐক্য চাইলে সরকারকে গণভোটের রায় মেনে নিতে হবে।

তিনি বলেন, দেশের শিল্পমালিকরা প্রায়ই বলেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে’। কথাটি সত্য, তবে শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে। শ্রমিকদের ন্যূনতম অধিকার, দুবেলা খাবার ও অসুস্থতার সময় চিকিৎসার নিশ্চয়তা দিতে পারে না—এমন শ্রমনীতি প্রত্যাখ্যান করে ন্যায়-ইনসাফভিত্তিক ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।

চট্টগ্রাম বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, সরকারের দায়িত্বশীল পদে থাকা কারও কারও এসব ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। দেশের স্বার্থ উপেক্ষা করে বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না। দেশের সব সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার সক্ষমতা অর্জনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না।

সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। সঞ্চালনা করেন মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীসহ সংগঠনের নেতারা।

সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, সংসদ সদস্য জহিরুল ইসলামসহ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সম্মেলনে কাউন্সিলরদের অংশগ্রহণে ২০২৭-২৮ সেশনের জন্য এস এম লুৎফর রহমান পুনরায় চট্টগ্রাম মহানগর সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক মনোনীত হন আবু তালেব চৌধুরী। নির্বাচন পরিচালনা করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সহসভাপতি হারুনুর রশিদ খান, মজিবুর রহমান ভূঁইয়া ও মুহাম্মদ ইসহাক।