আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হাইকোর্টের নির্দেশের পরও ব্যক্তিমালিকানাধীন একটি গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আটজনকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রিট আবেদনকারী শাহ কামাল রাসেলের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস. এম. জুলফিকার আলী জুনু এ নোটিশ দেন। শুক্রবার (২৭ নভেম্বর) রিটকারী আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নাজমুন নূরকে বিশেষভাবে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন এবং গাড়িটি আটকে রাখার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানানোর দাবি জানানো হয়েছে।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, গত ১৬ নভেম্বর বিকেলে শাহ কামাল রাসেলের মালিকানাধীন ২০২১ মডেলের টয়োটা হার্ড জিপ (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৬-০০৮৬) জোরপূর্বক নিয়ে গুলশান থানায় আটকে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। গত ২৯ অক্টোবরের ২৪৮৪ নম্বর সাধারণ ডায়েরির (জিডি) সূত্রে গাড়িটি আটক করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এ ঘটনায় গাড়ির মালিক সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে রিট আবেদন করেন; যার নম্বর ১৬৮৯৯/২০২৬।

২৪ ঘণ্টার মধ্যে গাড়ি ফেরতের নির্দেশ হাইকোর্টের

গত ২২ নভেম্বর বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গাড়িটি আটকে রাখার বৈধতা নিয়ে রুল জারি করেন বলে নোটিশে জানানো হয়েছে।

একই সঙ্গে অন্য কোনো ফৌজদারি মামলায় গাড়িটির সংশ্লিষ্টতা বিষয়ক আদালতের আটকাদেশ না থাকলে আদালতের আদেশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে গাড়িটি মালিকের কাছে ফেরত দেওয়ার জন্য গুলশান থানার ওসিকে নির্দেশ দেন হাইকোর্ট।

গত ২৫ নভেম্বর আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয় বলে নোটিশে দাবি করা হয়েছে। 

তবে রিট আবেদনকারীর অভিযোগ, এখনো গাড়িটি ফেরত দেওয়া হয়নি।

কোন আইনে গাড়ি আটক, জানতে চেয়ে নোটিশ

আইনি নোটিশে গাড়িটি আটকে রাখার বিষয়ে বেশ কিছু তথ্য ও নথিপত্র দাবি করা হয়েছে। এর মধ্যে রয়েছে কোন আদালতের আদেশে এবং কোন মামলার সূত্রে গাড়িটি আটক রাখা হয়েছে, সেই বিবরণ।

এ ছাড়া কোন আইনের সুনির্দিষ্ট ধারা, উপধারা বা বিধি অনুসারে গাড়িটি আটক রয়েছে, তাও জানতে চাওয়া হয়েছে। অন্য কোনো ফৌজদারি মামলায় গাড়িটির সংশ্লিষ্টতা থাকলে তার পূর্ণাঙ্গ বিবরণ দেওয়ার কথা বলা হয়েছে।

পাশাপাশি সংশ্লিষ্ট এজাহার, জব্দ তালিকা ও আদালতের আদেশের অনুলিপি চাওয়া হয়েছে। হাইকোর্টের আদেশ বাস্তবায়ন না করার কারণ এবং আদেশের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ রয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট জবাব দাবি করা হয়েছে নোটিশে।

এ ছাড়া গাড়ি আটকের সঙ্গে সংশ্লিষ্ট থানার রেকর্ড, সিসিটিভি ফুটেজ, সাধারণ ডায়েরি ও দাপ্তরিক যোগাযোগের নথিপত্র সংরক্ষণের দাবি জানানো হয়েছে।

নোটিশে আদালতের নির্দেশিত সময়সীমার মধ্যে আইনসংগত কারণ ছাড়া গাড়িটি ফেরত দেওয়া না হলে গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরসহ দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার কার্যক্রম শুরু করার কথা জানানো হয়েছে।

একইসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে আদালতে হাজির করা, আদালতের আদেশ বাস্তবায়ন এবং আইনানুগ শাস্তির আদেশ চাওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।