মোদির কানাডা সফর : প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা চুক্তির আলোচনা
ঢাকা এজ ডেস্ক
প্রকাশিত : ১২:৪০ এএম, ২৭ নভেম্বর ২০২৬ শুক্রবার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী ডিসেম্বরের কানাডা সফরকে সামনে রেখে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে একাধিক চুক্তি নিয়ে আলোচনা করছে কানাডা ও ভারত। সামরিক সহযোগিতা এবং গোপন তথ্য আদান-প্রদানের বিষয়ে পৃথক চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কানাডায় ভারতের হাইকমিশনার দিনেশ পাটনায়ক।
মোদির ১১ ও ১২ ডিসেম্বর কানাডা সফরে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চূড়ান্ত হওয়ার ঘোষণা আসতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর পাশাপাশি নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে নতুন সমঝোতার উদ্যোগ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে।
ভারতের হাইকমিশনার দিনেশ পাটনায়ক এক সাক্ষাৎকারে বলেন, নিরাপত্তা ও গোয়েন্দা বিষয়ে সহযোগিতার জন্য দুই দেশ আরও স্থায়ী একটি কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে। বর্তমানে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে বিভিন্ন সময়ে তথ্য বিনিময় হয়। তবে এখন এ যোগাযোগকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
২০২৩ সালে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ব্রিটিশ কলাম্বিয়ায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ প্রকাশ্যে তোলার পর দুই দেশের সম্পর্ক তীব্র সংকটে পড়ে। নিজ্জর ভারতের বাইরে পৃথক শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ভারত বারবার ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এ হত্যাকাণ্ডে অভিযুক্ত চার ভারতীয় নাগরিক বর্তমানে ব্রিটিশ কলাম্বিয়ার সুপ্রিম কোর্টে বিচারের অপেক্ষায় রয়েছেন।
বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকার যুক্তরাষ্ট্রের ওপর বাণিজ্যিক নির্ভরতা কমিয়ে নতুন বাজার সম্প্রসারণের প্রচেষ্টার অংশ হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আগ্রহী। নিজ্জর হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করে কানাডা সরকার দ্বিপক্ষীয় সম্পর্ককে ওই তদন্ত থেকে আলাদা রাখার চেষ্টা করছে।
পাটনায়ক জানান, নিরাপত্তা সহযোগিতা বাড়ার ফলে কানাডায় ভিসার মেয়াদ অতিক্রম করা কিংবা প্রতারণার মাধ্যমে প্রবেশ করা ভারতীয় নাগরিকদের প্রত্যাবাসনেও সহযোগিতা করছে নয়াদিল্লি। ২০২৬ সালে প্রায় পাঁচ হাজার ভারতীয় নাগরিককে কানাডা থেকে বহিষ্কারের প্রক্রিয়ায় সহায়তার জন্য জরুরি ভ্রমণ নথি সরবরাহ করেছেন বলে জানান তিনি। তাঁর ভাষায়, আগে দুই দেশের মধ্যে সহযোগিতার অভাবে এসব প্রক্রিয়া আটকে থাকত।
প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আলোচনায় কৌশলগত অংশীদারত্ব, যুদ্ধজাহাজের সফর, যৌথ প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং বিমান, নৌ ও মহাকাশ খাতে সামরিক সরঞ্জাম উৎপাদনের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
পাটনায়ক বলেন, আগাম সতর্কতা ও নজরদারি বিমান, সমুদ্রপথে চলাচল উপযোগী বিমান এবং মহাকাশ সহযোগিতা নিয়ে দুই দেশ আলোচনা করছে। এ ক্ষেত্রে কানাডার বোম্বারডিয়ার এবং ডি হ্যাভিল্যান্ডের বিমান উৎপাদন সক্ষমতা বিবেচনায় রয়েছে।
এ ছাড়া ভারতীয় প্রতিরক্ষা শিল্পের প্রতিষ্ঠানগুলো কানাডায় কারখানা স্থাপনের মাধ্যমে গোলাবারুদ, ১৫৫ মিলিমিটার আর্টিলারি শেল, শেলের খোলস, ক্ষেপণাস্ত্রের নির্দেশনা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা উৎপাদনে আগ্রহী বলে জানান তিনি। ভারতের বেসরকারি মহাকাশ উৎক্ষেপণ প্রতিষ্ঠান স্কাইরুট অ্যারোস্পেসও কানাডার সঙ্গে সহযোগিতায় ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন হাইকমিশনার।
মোদির সফরে ১১ ডিসেম্বর টরন্টোতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। পরদিন অটোয়ায় সরকারি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, কানাডায় বসবাসরত ভারতীয় প্রবাসীরা মোদির সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। তাঁর ভাষায়, প্রবাসী ভারতীয়দের কাছে মোদি একজন ‘রক স্টার’।
