বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডাকল জামায়াত
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ বুধবার
ছবি: সংগৃহীত
১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পূর্বঘোষিত এ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে সংশ্লিষ্ট জেলা শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (২৫ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো বিবৃতিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালিত হবে।
তিনি আরও বলেন, বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তা সর্বাত্মকভাবে সফল করার জন্য সংশ্লিষ্ট জেলা শাখা জামায়াতের প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসী সকলের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, বিবৃতিতে আগামীকাল বৃহস্পতিবার দেশের সব জেলায় পূর্বঘোষিত এ কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
