বিদেশি কূটনীতিকদের কী বার্তা দিল সরকার?
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ১১:৩৯ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
ছবি : সংগৃহীত
দেশে সহিংসতা ও নাশকতার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা জড়িত রয়েছে বলে ঢাকায় বিদেশি কূটনীতিকদের জানিয়েছে সরকার।
একইসঙ্গে কূটনীতিকদের জানানো হয়েছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিদেশেও সক্রিয়। তারা বিভিন্ন দেশে অস্থিরতা ছড়ানোর পাশাপাশি অর্থ পাচারের সঙ্গে জড়িত। এক্ষেত্রে বিদেশে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাদের ফেরাতে কূটনীতিকদের সহায়তা চেয়েছে সরকার।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের এক ব্রিফিংয়ে সরকারি ভাষ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
প্রতিমন্ত্রী চব্বিশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রাজনৈতিক পরিবর্তন, নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠন, নতুন সরকারের অর্থনীতিসহ নানা চ্যালেঞ্জ থেকে উত্তরণ চেষ্টার মধ্যে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে নানা নাশকতার অভিযোগ এনে সহিংসতার বিবরণ কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়।
ব্রিফিংয়ে তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগ ও দলটির নেতা-কর্মীদের পরিকল্পিত তৎপরতা রয়েছে বলে অভিযোগ করে সরকার। শুধু তাই নয়, সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকারের অবস্থান এবং পরিকল্পনা সম্পর্কেও কূটনীতিকদের ব্রিফ করা হয়।
ব্রিফিংয়ে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, জাপান, রাশিয়াসহ ৫০টির বেশি মিশনের প্রধান, জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। সকাল ৯টায় শুরু হওয়া এ ব্রিফ্রিং চলে প্রায় ২০ থেকে ২৫ মিনিট। ব্রিফিংয়ে হুমায়ুন কবির লিখিত বক্তব্য পাঠ করেন। এরপর কূটনৈতিক কোরের ডিন ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান তার মূল্যায়ন ব্যক্ত করেন। তবে বিদেশি কূটনীতিকদের মধ্যে কেউই কোনো প্রশ্ন করেননি।
ব্রিফিংয়ে হুমায়ুন কবির বলেন, সম্প্রতি আমরা সহিংসতা, নাশকতা এবং সুসংগঠিত ধ্বংসাত্মক কর্মকাণ্ডের একটি উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করেছি, যার সঙ্গে বিশেষত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা জড়িত রয়েছে। আপনারা জানেন, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং দলটির নিবন্ধনও বর্তমানে স্থগিত রয়েছে। তা সত্ত্বেও, দলটির কর্মীরা দেশের বিভিন্ন স্থানে মাঝে মাঝেই মিছিল, অবরোধ, বিক্ষোভ এবং অন্যান্য ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
চলতি মাসের সহিংসতার ফিরিস্তি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, চলতি নভেম্বর মাসে পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক হয়ে উঠেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১-২১ নভেম্বরের মধ্যে ৪১টি প্রশাসনিক ইউনিটে মোট ১৫৮টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এগুলো কেবল রাজনৈতিক বিক্ষোভের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং এর মধ্যে ছিল ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, পুলিশ স্থাপনায় আক্রমণ এবং প্রধান মহাসড়কগুলো অবরোধের মতো ঘটনা।
তিনি বলেন, ১৭ নভেম্বর, সাবেক প্রধানমন্ত্রীর জন্মস্থান গোপালগঞ্জে একটি থানায় হামলা চালানো হয়। হামলাকারীরা পুলিশের গাড়ি ও থানা ভবনে আগুন দেয়, অস্ত্র ও গোলাবারুদ লুট করে এবং আটক ব্যক্তিদের মুক্ত করে নিয়ে যায়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুরুতর আহত হন। ১৯ নভেম্বর মুকসুদপুরে আরেকটি থানায় হামলা চালানো হয়; সেখানে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বাসভবনে ভাঙচুর চালানো হয়। এছাড়া নির্বাচিত সংসদ সদস্যদের বাসভবন, বিএনপির কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের বেশ কয়েকটি শাখায় ভাঙচুর চালানো হয় বা আগুন দেওয়া হয়।
তিনি আরও জানান, শরীয়তপুরে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের কারণে পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজার কাছে যান চলাচল ও টোল আদায়ের কার্যক্রম ব্যাহত হয়। ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হলে এক বাসচালক নিহত হন। একটি মিছিলের ওপর হামলার ঘটনায় বিএনপির সঙ্গে যুক্ত স্থানীয় দুই রাজনৈতিক নেতা প্রাণ হারান। পাবনায় সহিংস সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং সরকারি ও জনসাধারণের সম্পত্তিতে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
হুমায়ুন কবির বলেন, সমস্যাটি কেবল এসব জেলার মধ্যেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে পুলিশের ওপর হামলা, ঢাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ, সিলেটে পুলিশের গাড়িতে হামলা এবং নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলার ঘটনাও ঘটেছে।
প্রতিমন্ত্রী জানান, ৭ থেকে ১৯ নভেম্বরের মধ্যে ৮৩টি পরিবহন যানে অগ্নিসংযোগ করা হয়েছে, ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা বা কার্যালয়ে হামলা চালানো হয়েছে। পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ বা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই সময়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ৩৯টি মামলা দায়ের করেছে এবং ৬৬ জনকে গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, কোনো রাজনৈতিক পরিচয়ই অগ্নিসংযোগ, আইন প্রয়োগকারী সদস্যদের ওপর হামলা, সরকারি সম্পত্তি ধ্বংস বা অস্ত্র ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টাকে বৈধতা দিতে পারে না। এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের জন্য কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, সরকার প্রতিশোধমূলক সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনা সহ্য করবে না।
তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের তৎপরতার অভিযোগ এনে তিনি বলেন, তৈরি পোশাক শিল্প খাতে শ্রমিক অসন্তোষটি পরিকল্পিতভাবে সৃষ্টি করেছে আওয়ামী লীগ ও তাদের কর্মীরা, যার উদ্দেশ্য হলো আমাদের অর্থনীতিকে সংকটের মুখে ঠেলে দেওয়া এবং শ্রমিকদের দুর্ভোগে ফেলা।
আওয়ামী সন্ত্রাসীরা বিদেশেও সক্রিয় উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, আওয়ামী সন্ত্রাসীরা বিদেশেও সক্রিয় রয়েছে। তারা বিভিন্ন দেশে অস্থিরতা ছড়াচ্ছে এবং ও অর্থ পাচারের মতো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত । আমরা তাদের দেশে ফিরিয়ে আনতে চাই। এ বিষয়ে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, দেশে ও বিদেশে ঘটে যাওয়া এসব ঘটনা কেবল বিচ্ছিন্ন কোনো রাজনৈতিক প্রতিবাদের বিষয় নয়। আওয়ামী সন্ত্রাসীরা জনগণের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরির চেষ্টা করছে। তারা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সংঘাত উসকে দিয়ে দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা রয়েছে—এমন একটি ধারণা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। পুলিশের স্থাপনায় হামলা চালিয়ে এবং অস্ত্র লুট করার চেষ্টা করে তারা রাষ্ট্রের কর্তৃত্ব ও আইনের শাসনকে চ্যালেঞ্জ জানাতে চাইছে।
হুমায়ুন কবির বলেন, এই ধরনের ঘটনা যাতে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে ব্যাহত করতে না পারে, তা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে কঠোর, পেশাদার এবং আনুপাতিক হারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে, তদন্ত চলছে এবং বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে জবাবদিহিতার মুখোমুখি করা হচ্ছে।
তিনি বলেন, এই কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সরকার যথাযথ আইনি প্রক্রিয়া, মানবাধিকার এবং আইনের শাসন সমুন্নত রাখতে সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জোরপূর্বক গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যাই আমাদের কর্মকাণ্ডের প্রকৃত চিত্র তুলে ধরবে। এই প্রচেষ্টায়, আমরা আমাদের আন্তর্জাতিক বন্ধু ও অংশীদারদের বোঝাপড়া এবং গঠনমূলক সম্পৃক্ততাকে অত্যন্ত গুরুত্ব দেই।
একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে আমাদের গণতান্ত্রিক উত্তরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে বিদেশি বন্ধুদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন হুমায়ুন কবির।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বর্তমান ও সাবেক কূটনীতিক দেশের পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করাতে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তারা বলছেন, একটা নির্বাচিত সরকার এখনো এক বছর পার করেনি। এরমধ্যে দেশের অব্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করে জানানোটা সরকারের এক ধরনের দুর্বলতাই প্রকাশ পায়।
সাবেক এক কূটনীতিক বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের শেষ সময়ে এ ধরনের প্রবণতা দেখা গেছে। কিছু হলেই বিদেশি কূটনীতিকদের এনে ব্রিফ করতেন। একই অনুশীলন একটা নির্বাচিত সরকারের কাছে কাম্য নয়, তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে। পরিস্থিতি খারাপ হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে। যারা দেশে সহিংসতা বা নাশকতা করছে, তারা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। প্রয়োজন হলে বিদেশি কূটনীতিকদের ডেকে হোস্ট কান্ট্রি ব্রিফ করে। কিন্তু সেটা তো বিশেষ উপলক্ষ্য ছাড়া সাধারণত হয় না।
