স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০৮:০৬ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
ছবি : সংগৃহীত
নোয়াখালীর স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালিয়ে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রী নিজেই সাঁজোয়া যান চালান বলে জানিয়েছেন উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। তিনি জানান, প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত ৮ কিলোমিটার এটিভি ভিহিকল মডেল (বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান) এর সেনা যান চালিয়ে আসেন।
এই সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান ছিলেন বলে জানান উপ-প্রেস সচিব রনি।
উপ-প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী ৮ কিলোমিটার পথ অতিক্রম করে দুই পাশে তিন বাহিনী বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এক ভেন্যু থেকে অন্য ভেনুতে যেতে প্রধানমন্ত্রীকে এই ৮ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। এ সময় ধানের ক্ষেতের পাশ দিয়ে কাঁদামাটির আঁকাবাঁকা পথে গাড়িটি ধীরে ধীরে চলতে দেখা গেছে। এর আগে সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহণকারী হেলিকপ্টার ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপে অবতরণ করে।
এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মেজবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।
স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।
এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়। ১৯৭৮ সালে নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা দিগন্ত বিস্তৃত ‘স্বর্ণদ্বীপ’ (ভূতপূর্ব জাহাজ্জার চর)।
